সেমন্তীর পাহাড়-চূড়া জয়

18 Oct 2026, 01:21 PM কাভার গার্ল শেয়ার:
সেমন্তীর পাহাড়-চূড়া জয়

মডেল ও অভিনয়শিল্পী সেমন্তী সৌমি ২০১২ খ্রিষ্টাব্দে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পর্দাপণ করেন। লাক্স সুপার স্টার হতে না পারলেও ‘টপ টেন’ থেকে নিজেকে নিয়ে গেছেন পাহাড়ের চূড়ায়। কাজ করছেন ওয়েব সিরিজ, নাটক ও সিনেমায়। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...


সেমন্তী সৌমি অভিনয়ের দৌলতে অনেকবারই পাহাড়ের চূড়ায় উঠেছেন। পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্য যতটা ক্লান্ত হতে হয়, সব ক্লান্তিই নিমিষে শেষ হয়ে যায়, যখন তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান। সেমন্তী সৌমি বড়ো একটি প্লাটফর্মে হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে আজকের এই অবস্থানে এসেছেন। তবে, এই পথ মোটেও মসৃণ ছিল না। পাহাড়ের চূড়ায় আরহোণের মতোই এবড়ো থেবড়ো ও খাড়া ছিল। প্রতিটি জটিল পথ মাড়িয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছেছেন তিনি। প্রতিযোগিতায় প্রথম হতে না-পারলেও নিজের মেধা মনন দিয়ে কাজ করে প্রমাণ করেছেন যে, পরিশ্রম একজন মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। বর্তমান যে-ক’জন অভিনয়শিল্পী দর্শকের ভালোবাসায় সিক্ত তাদেরই একজন সেমন্তী সৌমি। বেশ দাপটের সঙ্গেই কাজ করছেন এই অভিনয়শিল্পী।

সৌমি লাক্স প্রতিযোগিতার পর প্রথম মডেল হন মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে। বিজ্ঞাপনচিত্রটি সৌমিকে পরিচিতি এনে দেয়। পাশাপাশি সুযোগ পান বড়োপর্দায়। প্রথম সিনেমা ‘অস্তিত্ব’-এ আলো ছড়াতে না পারলেও বসে থাকেননি তিনি। ব্যস্ত হয়ে পড়েন ছোটোপর্দায়। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি কাজ করছেন ওয়েব সিরিজে। প্রথম সিনেমা ‘অস্তিত্ব’-এ প্রধান নায়িকা হতে না-পারলেও তাকে পূর্ণ নায়িকা হিসেবে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’ ছবিতে। সেখানে সৌমি তাসকিন রহমানের সাথে জুটি হন। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ খ্রিষ্টাব্দে।

গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রটির পর সৌমি প্রথম টেলিভিশন নাটকে অভিনয় করেন মাসুদ মহিউদ্দিন পরিচালিত ‘আগুন পোকা’ নাটকে। এরপর ‘প্রহর’, ‘রাফ ম্যান’, ‘দ্য মাস্টারপিস’, ‘গৃহবধূ’সহ বেশকিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হন।

বড়োপর্দা দিয়ে কাজ শুরু হলেও এখন আর সেইভাবে বড়োপর্দায় দেখা যাচ্ছে না, এই প্রসঙ্গে সেমন্তী সৌমি বলেন, নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করার পর বেশকিছু সিনেমায় কাজের প্রস্তাব আসে। তবে, ভালো কাজের জন্য অপেক্ষা করছিলাম। গল্প পছন্দ হওয়ায় উত্তম আকাশ পরিচালিত ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটিতে অভিনয় করি।

‘বয়ফ্রেন্ড’ মুক্তির চার বছর পর পুনরায় সিনেমায় ফেরেন, এই গ্যাপটা কেন? সৌমি বলেন, “বিরতি নেওয়ার পেছনে আলাদা কোনো কারণ ছিল না। তিনটি সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছিলাম। ব্যাটে-বলে হয়নি বলে শেষ পর্যন্ত কাজগুলো করা হয়নি। নাটকে ব্যস্ত হয়ে পড়েছিলাম। পুরো মনোযোগ দিয়েছিলাম ছোটোপর্দায়। এভাবেই বিরতি একটু স্বাস্থবান হয়েছে। আসলে চলচ্চিত্র তো বড়ো স্কেলের। সেখানে কাজ করলে গল্পটা যেমন ভালো হওয়া জরুরি, তেমনি চরিত্রও। আমি এখন ভালো গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।”

নাটকের পাশাপাশি বেশ কয়েকটি ওয়েব সিরিজেও দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে, নিজের স্টাইলিশ লুকের জন্য বেশি আকর্ষণে থাকেন সেমন্তী সৌমী। একইসঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়।

একজন অভিনয়শিল্পীকে প্রতিমুহূর্তে নিজেকে ভাঙতে হয়। সৌমিও এর বাইরে নন। নতুন চরিত্রের প্রস্তুতি প্রসঙ্গে সৌমি বলেন, অনেক চরিত্রই আছে, বাস্তবে যাদের মতো কাউকে কাছে থেকে দেখার সুযোগ হয়নি। তেমনি কোনো চরিত্রে অভিনয় করতে হলে পুরোপুরি পরিচালকের নির্দেশ মেনে কাজ করি। কারণ, নাট্যকার ও পরিচালক উভয়েরই গল্প, চরিত্র ও নির্মাণ নিয়ে একধরনের ভাবনা থাকে। তারা নাটক, টেলিছবি, সিনেমা যা-ই নির্মাণ করেন, একধরনের পরিকল্পনা নিয়েই তা শুরু করেন। যেজন্য তারা চরিত্রটি কীভাবে পর্দায় তুলে ধরতে চান, সেটি আগে জেনে নেওয়ার চেষ্টা করি। এরপর চরিত্রের স্বভাব, বিভিন্ন পরিবেশে তাদের ওঠা-বসা, মানসিক চিন্তাধারা— এমন অনেক বিষয় নিয়ে আলোচনা করি। এরপর চরিত্রটি নিজের মধ্যে আত্মস্থ করে নেওয়ার চেষ্টা থাকে।

অভিনয়, মডেলিং একসঙ্গে করছেন। কোন পরিচয়ে আপনার স্বাচ্ছন্দ্য?

আমার পরিচিতি এসেছে মডেলিং দিয়ে। পরে অভিনয়ে নিয়মিত হয়েছি। এখন ফোকাস অভিনয়ে। একজন ভালো অভিনেত্রী হতে চাই। সে লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে চলেছি।

বর্তমান কাজের ব্যস্ততা প্রসঙ্গে সেমন্তী সৌমি বলেন, “আমি নাটকে নিয়মিত অভিনয় করছি, ওয়েব কনটেন্টেও কাজ করছি। তবে, চলচ্চিত্রে সেভাবে কাজ করছি না। চলচ্চিত্র তো বড়ো স্কেলের। সেখানে কাজ করলে তেমন সিনেমা আর গল্প হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের সিনেমার অপেক্ষায় আছি।

সেমন্তী সৌমি সম্প্রতি ঢাকাই চলচ্চিত্রের শাকিব খানকে নিয়ে নিজের অভিজ্ঞতা ও মতামত জানিয়েছেন। এক সাক্ষাৎকারে সৌমি শাকিব খানের পেশাদারিত্ব ও জনপ্রিয়তার ভূয়সী প্রশংসা করেন। শাকিব খান প্রসঙ্গে সৌমি বলেন, “বিনোদন অঙ্গনে শাকিব খানের অবস্থান আলাদা এবং অনন্য। শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া অনেকের জন্যই বড়ো সৌভাগ্যের। এমন একজন শিল্পীর সঙ্গে প্রথম দিকেই পর্দায় আসা নতুনদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে দেয়।