নিউ ইয়র্কে কনসার্ট মাতালেন জেমস

06 Jun 2023, 12:38 PM সারেগারে শেয়ার:
নিউ ইয়র্কে কনসার্ট মাতালেন জেমস

 

৪ জুন ২০২৩ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকার আমাজুরা হলে ছিল নগর বাউল জেমসের কনসার্ট। হলের দেড় হাজার আসন পূর্ণ হয়ে যায় কনসার্ট শরুর আগেই। দাঁড়িয়ে ছিলেন আরো চারশ'র মতো দর্শক। সবাই নগরবাউল জেমসের কনসার্ট শুনতে এসেছেন। দীর্ঘ পাঁচ বছর পর নিউ ইয়র্ক মাতালেন জেমস।

রাত পৌনে ৯টায় মঞ্চে ওঠেন তারুণ্যের প্রতীক—নগরবাউল জেমস। ‘নগরবাউল জেমস লাইভ ইন কনসার্ট’–এর মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে দর্শক গ্যালারিমুখর হয়ে ওঠে ‘লাভ ইউ গুরু’ আর ‘জয় গুরু’ ধ্বনিতে। সাড়ে দশটা পর্যন্ত একটানা গান গেয়ে চলেন জেমস।

এরই মধ্যে হলের ভেতরে জেমসকে নিয়ে রীতিমতো মেতে উঠেছে নিউ ইয়র্কের বাঙালি সমাজ। বাইরে আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম ততক্ষণে ঘোষণা করেন ‘সোল্ড আউট’। তখনো টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে শ’ খানেক জেমস-ভক্ত।

আগামী ২৫ জুন আমাজুরা হলে আবারো জেমসের গান গাওয়ার কথা রয়েছে। সেদিন অনুষ্ঠিত হবে ডলিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান।