নিলয়-হিমির নিখাদ ‘প্রথম প্রেমের গল্প’

25 Nov 2026, 02:13 PM কাভার জুটি শেয়ার:
নিলয়-হিমির নিখাদ ‘প্রথম প্রেমের গল্প’


বর্তমান সময়ে ইউটিউবের সবচেয়ে বেশি ট্রেন্ডিং হওয়া দু’টি নাম নিলয়-হিমি! নাম দু’টি মস্তিস্কে আসা মাত্রই চোখের সামনে ভেসে ওঠে তাদের দুষ্টু-মিষ্টি হাস্যরসাত্মক চরিত্রগুলো, যা মানুষের মনে গেঁথে থাকে দীর্ঘসময়। তাদের সাবলীল রসায়নে তৃপ্ত কোটি দর্শক। এবার গতানুগতিক হাস্যরসাত্মক ধারা থেকে বেরিয়ে এসে নিজেদের উপস্থাপন করলেন রোমান্টিক জুটিতে। সেখানেও বাজিমাত করলেন এই সময়ের ক্রেজ নিলয়-হিমি। আর নতুন এই ট্রাম কার্ডটির নাম ‘প্রথম প্রেমের গল্প’। এই জুটির ‘প্রথম প্রেমের গল্প’ নিয়ে থাকছে বিশেষ সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন শেখ সেলিম...


আনন্দভুবন : ‘প্রথম প্রেমের গল্প’ কেমন জমে উঠেছে ?

হিমি : কাজটা ভালো যাচ্ছে, ভিউও অনেক হচ্ছে। দর্শকেরা ভালো কমেন্টসও করছে। অনেকে অভিনয়ের প্রশংসা করেছে। অনেকে কসটিউম-লুক পছন্দ করেছে। সবদিক দিয়ে ভালো যাচ্ছে।

আভু : প্রথম প্রেমের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই—

নিলয় : অনেকদিন ধরেই ভাবছিলাম, গতানুগতিকতার বাইরে গিয়ে কাজ করার কথা। অনেকেই বলছিলেন আমরা এক প্যাটার্নের কাজ করি। এবার ডিফরেন্ট কিছু দেখতে চাই, তাদের কথার প্রাধান্য দিয়েই এই গল্পের পরিকল্পনা করা। কারণ, দর্শকের জন্য আমরা আজ এই অবস্থানে এসেছি। কাজেই তাদের চাওয়া পাওয়াকে সম্মান দিয়েই ‘প্রথম প্রেমের গল্পে’র পরিকল্পনা করা হয়। যারা আমাদের কমেডি নাটকের ফ্যান হয়ত তারা হতাশ হতে পারেন, তবে নাটকটি দেখে তারাও আনন্দ পাবেন।

আভু : দেশের বাইরের একটি নাটকের সঙ্গে গল্প অনেকটা মিলে গেছে বলে অভিযোগ উঠেছে—

নিলয় : এটা প্রথমদিকে থাকলেও পরে কিন্তু পাবে না। অর্থাৎ গল্পের পরিবর্তন আসছে। ৭-পর্ব থেকে আমরা মৌলিক গল্পে চলে যাব। তখন মানুষ পরিবর্তনটা দেখতে পাবে।

আভু : খণ্ড নাটকে কোটি ভিউ ছাড়ালেও ধারাবাহিক নাটকে কোটি ভিউ’র মাইলফলক খুব কমই দেখা যায়। ‘প্রথম প্রেমের গল্প’ কোটি ভিউ ছাড়িয়ে গেছে, এই সাফল্যের রহস্য জানতে চাই—

নিলয় : আমার কাছে মনে হয়েছে আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি। এজন্য মানুষ দেখছেন, আমরা চেয়েছি রেগুলার ধারাবাহিকের বাইরে কাজ করার, মানুষ যেন একটি সিঙ্গেল নাটকের ফিল পায়, সেজন্য আমরা ডিউরেশন বাড়ানোর সঙ্গে সঙ্গে ফাইট, গান রাখার চেষ্টা করেছি। গল্পের সঙ্গে যে পরিবেশ ও উপাদান প্রয়োজন, সেটা রাখার চেষ্টা করছি।

আভু : নাটকটি কত পর্বে সমাপ্তি ঘটতে পারে ?

নিলয় : আমাদের তো পরিকল্পনা ৩০ পর্ব পর্যন্ত। এখন দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়।

আভু : ‘প্রথম প্রেমের গল্পে’র মেহনাজের চরিত্রটি নিয়ে আপনি কতটা সন্তুষ্ট ?

হিমি : কোনো কাজ নিয়ে আমি পরিপূর্ণ সন্তুষ্ট হই না। নাটক প্রকাশের পর মনে হয় হয়ত এই জায়গাটায় একটু অন্যভাবে করলে ভালো হতো। এই নাটকের ক্ষেত্রেও তাই মনে হয়েছে, নাটকটি প্রকাশের পর মনে হয়েছে, এই জায়গাটা অন্যভাবে করলে হয়ত আরো ভালো হতো। সেকেন্ড লটে এটা মাথায় রেখে কাজ করছি। এছাড়াও আমার সহশিল্পী বা ডিরেক্টরকে জিজ্ঞেস করি যে-এক্সপ্রেশন দিলাম সেটা ঠিকঠাক হচ্ছে কি না তাদের ফিডব্যাক নেওয়া, এইভাবেই কাজটি করার চেষ্টা করি।

আভু : সাধারণত ধারাবাহিক নাটকের ক্ষেত্রে দেখা যায় প্রতিটি পর্বে ১৫ থেকে ২০ মিনিট ব্যাপ্তিকাল হয়ে থাকে। কিন্তু এই নাটকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি পর্বের ব্যাপ্তিকাল ৪০ মিনিট এটা কেন ?

হিমি : হাস্যরসাত্মক কনটেন্টে অনেক অ্যালিমেন্ট থাকে একটি সিকোয়েন্সে, যেটা দেখে দর্শক কিছুটা স্যাটিসফাইড হয়, ভালোবাসার গল্পের মধ্যেও কিছু অনুভব করার ব্যাপার থাকে, যেটা কনটেন্ট হলে সেটা হয় শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়, দর্শক যেন ওইরকম অনুভূতিতে না থাকে, এবং পরের পর্বের জন্য অপেক্ষা করে।

আভু : অনেককে অভিযোগ করতে দেখা যায় রাতে স্ক্রিপ্ট পেয়ে সকালে অভিনয় করতে হয়, সেক্ষেত্রে চরিত্রটাতে ঢুকতে কষ্ট হয় ?

হিমি : রাতে স্ক্রিপ্ট পেয়ে সকালে শুটিংয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার কম। কারণ, আমি যে-নাটকে শুটিং করবো আগে থেকে চরিত্র কসটিউম সম্পর্কে জেনে নিয়ে প্রস্তুতি নিই। অনেক সময় হয়ত অন স্পট কিছুটা পরিবর্তন আসে, যেমন এই সেটেও এসেছে কিন্তু চরিত্রেও কোনো পরিবর্তন আসছে না।

আভু : হিমি-নিলয় জুটির নাটক সবচেয়ে বেশি, দর্শকেরাও একসঙ্গে দেখতে পছন্দ করেন, অনেকে আবার প্রশ্নও উত্থাপন করেন, তারা অন্য শিল্পীর সঙ্গে কাজ করেন না কেন ?

হিমি : জুটিটা হয়ে যায় যখন দর্শক তাদের পছন্দ করেন। জুটি হয়ে কাজ করলে, তাদের মধ্যে একটা রসায়ন তৈরি হয় যায়। এটা অনেক আগে থেকেই আমরা দেখে আসছি। দর্শকেরাও তাদের জুটিকে পছন্দ করেন। নিলয় ভাই ছাড়াও কিন্তু আমি অন্য শিল্পীর সঙ্গে কাজ করে থাকি, আবার নিলয় ভাইও অন্যশিল্পীর সঙ্গে কাজ করেন। তবে, নিলয় ভাইয়ের সাথেই আমার বেশি কাজ হয়। আর এটার কারণ দর্শক। তারা চায় বলেই হয়ত নিলয় ভাইয়ের সাথে কাজগুলো বেশি থাকে।

আভু : দীর্ঘদিন ধরে আপনারা একসঙ্গে কাজ করছেন ব্যক্তি নিলয় ও অভিনয়শিল্পী নিলয় সম্পর্কে কীভাবে মূল্যায়ন করবেন ?

হিমি : ভালো অভিনয়শিল্পী হতে যেমন মেধা থাকার প্রয়োজন, তেমনি একজন ভালো মানুষ হওয়াও দরকার। তার কাজের মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগে তিনি প্রাণীদের ভালোবাসেন, শুটিংয়ে এলে, কাজ নিয়ে তো আমাদের ডিসকাস হয়েই থাকে, এটার বাইরেও আমরা প্রাণীদের নিয়ে আলোচনা করে থাকি। যেহেতু আমি নিজেই একজন প্রাণিপ্রেমিক, প্রাণীদের খুব পছন্দ করি, নিলয় ভাইও এটা নিয়ে অনেক বেশি কাজ করেন। অর্থ দিয়ে, শ্রম দিয়ে অনেক বেশি কাজ করেন, এটা আমার অনেক ভালো লাগে। আর যে মানুষ প্রাণী ভালোবাসেন সে মানুষ অবশ্যই অন্য ১০ জনের চেয়ে আলাদা।

আভু : হিমি সম্পর্কে জানতে চাই—

নিলয় : হিমি খুব পরিশ্রমী একজন শিল্পী, মেধাবী মানুষ। সুন্দর ব্যক্তিত্বসম্পন্ন, এনিমেল লাভারস, সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে সে মানুষ হিসেবে অনেক ভালো। হিমির জন্য শুটিংয়ে কখনো পেইন পাইনি। তার জন্য কখনো শুটিং প্যাকআপ হয়নি। ইউনিট থেকে কখনো কোনো অভিযোগ আসেনি। অভিনেত্রী হিমি সম্পর্কে যদি বলি দর্শক তো তাকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। দেশের যে কয়টা নাটক টপ ফাইভে থাকে সেখানে হিমির অন্তত দুইটি নাটক থাকে। অলরেডি সার্টিফাইড ফ্রম অডিয়েন্স, একজন ভালো শিল্পী তখনই হয় যখন তিনি মানুষ হিসেবে ভালো হন। এনিমেল লাভার হওয়ায় তার প্রতি আমার সম্মান অনেকাংশে বেশি। যেখানেই প্রাণী দেখে, সেখানেই হিমি আটকে যায়। তাদের খাবার দেয়, প্রাণীরাও হিমিকে দেখলে কাছে চলে আসে। বিশেষ করে বিড়াল হিমিকে দেখলেই তার কোলে এসে বসে, এটা আমার ভালো লাগে।

আভু : স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষেত্রে কোন বিষয়টিকে প্রাধান্য দেন ?

হিমি : অনেকদিন কাজ করলে যেটা হয় সেটা হলো দর্শক কোন গল্পটা পছন্দ করবে, সেই ধরনের গল্প নির্বাচন করার চেষ্টা করি। কিছু গল্প ঠিকঠাক মতো হয়ে আসে, আবার কিছু গল্প দেখা যায় কনসেপ্ট সুন্দর, কিন্তু পাণ্ডুলিপিতে একটু ডেভেলপমেন্ট প্রয়োজন, কাজ করতে করতে সেটা বোঝাও যায়। যদি স্ক্রিপ্টে ডেভেলপমেন্ট করার প্রয়োজন হয়, সেটা আলোচনার মাধ্যমে ঠিক করে নিই। অনেক সময় অভিনয় করার সময় মনে হয় এখানে স্ক্রিপ্টেও ইমপ্রুভাইস করা দরকার, সেটা করা হয়।

আভু : বড়োপর্দা নিয়ে সবারই একটা স্বপ্ন থাকে, আপনার কী ভাবনা ?

হিমি : বড়োপর্দায় কাজ করার কোনো আগ্রহ আপাতত নেই। তবে হ্যাঁ, যদি সেটা বাইরের কোনো দেশ থেকে আসে তখন করতেও পারি। যেমন হলিউডের ছবিতে কাজ করার প্রবল ইচ্ছে রয়েছে আমার।

আভু : আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাই—

হিমি : পরিকল্পনা অনেক করা হয়, যেটা কখনো বাস্তবায়ন হয় না। যেটা প্ল্যান করি সেটা চেঞ্জ হয়ে যায়। এখন কোনো পরিকল্পনা করি না, বর্তমান নিয়েই সুন্তুষ্ট।

আভু : আগামী দিনে কী কাজ আসছে ?

হিমি : নিলয়, আবু জুবায়ের বক্কর পরিচালিত ‘অকারণ’, মিতুলের ‘বাঁচব না তোকে ছাড়া’ সেলিম রেজার ‘আপন করে নিও’, নাজমুল রনির ‘জুলিয়া রোজ’, রিয়াদ আশরাফের ‘পরানের পরান’ নাটকগুলোর শুটিং এডিটিং শেষ। খুব শিগ্গিরই নাটকগুলো দেখতে পাবেন দর্শক। প্রতিটি নাটকে দর্শক আমাদের ভিন্ন লুকে দেখতে পাবেন।

আভু : নিলয় আলমগীর ফিল্মস [এনএএফ] দেশের শীর্ষস্থানীয় একটি ইউটিউব চ্যানেলে পরিণত হয়েছে, এটার পেছনের গল্প জানতে চাই।

নিলয় : যখন আমি শ্রদ্ধেয় সালাউদ্দিন ভাইয়ের নাটকে অভিনয় করেছিলাম তখন ওখানকার টিমের সাথে ভালো একটা বন্ডিং হয়ে যায়। লাভলু ভাই আমাকে মনিটরে বসিয়ে বিভিন্ন শট নিয়ে ডিসকাস করতেন, সেসময় আমার মধ্যে একটা ডিরেকশন দেওয়ার মনমানসিকতা তৈরি হয়। সেই চিন্তা থেকে আমি কিছু কনটেন্ট নির্মাণ করি। সেটা ২০১৭ খ্রিষ্টাব্দের কথা। এরপর নিলয় আলমগীর ফিল্মস ইউটিউব চ্যানেলে আপলোড করি, দর্শকের ভালো রেসপন্স পাই। এইভাবেই এগিয়ে যায় চ্যানেলটি।

আভু : এই চ্যানেলে নাটক ছাড়া আর কিছু করার পরিকল্পনা আছে কি ?

নিলয় : আপাতত যে কনটেন্ট দিয়ে দর্শকের ভালোবাসা পাচ্ছি সেটা নিয়েই থাকতে চাই।

আভু : প্রাণীর প্রতি আপনার ভালোবাসা অনেক আগে থেকেই দেখে আসছি। শুধু তাই নয়, কোনো প্রাণীকে কেউ আঘাত করলে আপনি প্রতিবাদও করেন, এ প্রসঙ্গে একটু বলুন—

নিলয় : এটা আসলে প্রতিটি মানুষের ভেতরে থাকা দরকার। আমরা হয়ত বিষয়টি সেভাবে নোটিস করি না, রাস্তায় যেসব কুকুর-বিড়াল থাকে, তারা তো আশায়ই থাকে, মানুষ কখন একটু খাবার দেবে। তারা কিন্তু ভালো খাবার চায় না, নষ্ট হয়ে যাওয়া বা বেশি হয়ে যাওয়া খাবারটা পেলেই খুশি। তারা কিন্তু আমাদের দিকে তাকিয়ে থাকে। এটা যদি আপনি ভাবেন এই প্রাণীগুলো আমাদের পরিবেশেই একটি অংশ এবং কোনো-না-কোনোভাবে আমাদের উপকার করছে। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কিন্তু এদের ভূমিকা কম নয়। আমরা যেমন অসুস্থ হলে কষ্ট পাই, এদেরও তো কষ্ট হয়। এই ফিলটা যখন একজন মানুষ করতে পারবে, তখন তাকে প্রাণীপ্রেমিক হতে হবে না, এমনিতে ওর প্রতি ভালোবাসা জন্মাবে। প্রাণী নিয়ে আমি একা কিছুই করতে পারব না, সবাইকে এগিয়ে আসতে হবে। প্রশাসনিকভাবে করতে হবে। আমি একা করলে হয়ত অল্প কিছু প্রাণী নিয়ে কাজ করতে পারব। বৃহৎ পরিসরে করলে সবার সহযোগিতা লাগবে।

আভু : একটা বিষয় সারাদেশের মানুষ জেনেছে যখন সেন্টমার্টিনে পর্যটকদের যাওয়া নিষেধ ছিল, সেসময় অনাহারে অনেক কুকুর মারা যাচ্ছিল, সেসময় আপনি মানবতার হাত প্রসারিত করে এগিয়ে এসেছিলেন কুকুরগুলোকে বাঁচানোর জন্য। এই বিষয়ে একটু বলুন—

নিলয় : উদ্যোগ নিয়েছিলাম আমরা, অনেক মানুষ সেখানে এগিয়ে এসেছিল, সেখাকার কুকুরগুলো পর্যটকদের উপর নির্ভর করত, সেখানে পর্যটক যেতে না পারায় কুকুরগুলোর খাবারের সমস্যা হচ্ছিল, তাই উদ্যোগ নিয়েছিলাম, বেশ সাড়াও পেয়েছিলাম, এইভাবে যদি প্রতিটি মানুষ ভাবে তাহলে রাস্তায় থাকা প্রাণীগুলো অনায়াসে সবার ভালোবাসায় বেঁচে থাকতে পারে। কুকুরের জন্য আপনার অতিরিক্ত রান্নার প্রয়োজন নেই, আপনি খাওয়ার পর যে খাবারটা অবশিষ্ট থাকবে, সেই খাবার দিলেই কিন্তু হয়ে যায়।

আভু : প্রাণীর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে ‘নিহার কলি’শিরোনামের একটি নাটকে দর্শক দেখেছেন আপনাকে, কেমন লেগেছে।

নিলয় : অবশ্যয়ই ভালো লেগেছে। মানষের সাথে রাস্তার প্রাণীর দূরত্বটা যত কমিয়ে আনা যায়, ততই মঙ্গল। ওরা বোবা প্রাণী, ওদের সমস্যার কথা কাউকে বলতে পারে না, এটা নিয়ে যদি কেউ ভাবেন, তাহলে এটাই হবে আমার কাজের সার্থকতা। আমি চাই, এই ধরনের কাজ আরো বেশি হোক।

আভু : আপনি একাধিক ছবিতে অভিনয় করেছেন, অনেকদিন যাবৎ বড়োপর্দায় দেখছে না দর্শক।

নিলয় : সিনেমা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই, নাটকের মানুষের ভালোবাসা পাচ্ছি, আপাতত এটা নিয়েই থাকতে চাই।

আভু : আনন্দভুবনকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ—

নিলয় : আনন্দভুবন আমার প্রিয় পাক্ষিক-এর অগণিত পাঠকের জন্য রইলো শুভেচ্ছা।

হিমি : আমার পথচলার শুরু থেকে আনন্দভুবন অনেক সার্পোট করেছে, এখনো করছে। আনন্দভুবনের সকলের জন্য শুভকামনা আর এর পাঠকের জন্য হৈমন্তিক শুভেচ্ছা। 

ছবি : আকাশ রাজ

রূপসজ্জা : দিগন্ত ওয়াহিদ, সহ-রূপসজ্জা : নাঈম রেজা