মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় রাঢ়ীখাল ইউনিয়নের বালাশুর গ্রামে ভাগ্যকূল জমিদারবাড়িটি অবস্থিত। বিক্রমপুরের নূরপুর গ্রামের কুণ্ডু পরিবার আঠারো শতকের শেষ দিকে পদ্মানদীর উত্তরপাড়ে এসে বসবাস শুরু করেন। ১৮০৬ খ্রিষ্টাব্দে পদ্মানদীর প্রবল ভাঙনে গ্রামটি বিলীন হয়ে গেলে পার্শ্ববর্তী আউয়াল নামক গ্রামে চলে আসে পরিবারটি। কিছুকাল পর আউয়াল গ্রামটিও নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর হাতারপাড়া গ্রামে কয়েক বছর বসবাসের পর ১৮২৯ খ্রিষ্টাব্দে ভাগারকূল গ্রামে চলে আসেন। ইতোমধ্যে কু পরিবার লবণ, কাপড় ও সুপারি ব্যবসা করে বিপুল ধন-সম্পদের মালিক হন। কুণ্ডু পরিবার পদ্মা পাড়ের ভাগারকূল গ্রামে অনেক দালানকোঠা নির্মাণ করেন। ইতোমধ্যে কুণ্ডু পরিবারের প্রভাব প্রতিপত্তি দেশময় ছড়িয়ে পড়ে। জনশ্রুতি রয়েছে দেবী লক্ষ্মীর কৃপায় কুণ্ডু পরিবারের দ্রুত ভাগ্যবদলের কারণে ভাগারকূল নামটি পরিবর্তন হয়ে গ্রামের নতুন নাম হয়ে যায় ভাগ্যকূল। কুণ্ডু পরিবারের পরবর্তী বংশধর ধনাঢ্য ব্যবসায়ী রাজা শ্রীনাথ রায় ও রাজা সীতানাথ রায় দুইভাই বসবাসের জন্য উনিশ শতকের প্রথম দিকে ভাগ্যকূল বাজারসংলগ্ন পদ্মা নদীর উত্তরপাড়ে বাড়ি নির্মাণ করেন। বাড়িটির কিছুটা উত্তর দিকে ছিল বাগানবাড়ি ও কাচারিভবন। ভাগ্যকূল বাজারের নিকট বাগানবাড়িটির অস্তিত্ব থাকলেও পদ্মা নদীর ভাঙনে সেই বাড়িটি বিলীন হয়ে যায়। বাড়িটি বিলীন হওয়ার পর রাজা শ্রীনাথ রায় ও রাজা সীতানাথ রায় বাগানবাড়ির দুটি ভবনে কিছুকাল সপরিবারে বসবাস করেন। বাগানবাড়ি ভাঙনের আশঙ্কা দেখা দিলে জমিদার সীতানাথ রায়ের পুত্রদ্বয় যদুনাথ রায় ও প্রিয়নাথ রায় বিশ শতকের প্রথম দিকে পার্শ্ববর্তী বালাশুর গ্রামে চলে যান। সেখানে গিয়ে তের একর জমির উপর গ্রিক স্থাপত্যরীতিতে একই নকশায় দৃষ্টিনন্দন দু’টি দোতলা প্রাসাদ নির্মাণ করেন। এছাড়াও জমিদারবাড়ির বিশাল এলাকা জুড়ে একতলা কাচারিভবন, মন্দিরসহ আরো স্থাপনা নির্মাণ করেন।
পদ্মার পাড়ে ভাগ্যকূল বাজারের নিকট জমিদারবাড়িটি বিলীন হয়ে গেলেও অদূরে বাগান বাড়িতে ইট, কাঠ টিন দিয়ে নির্মিত পূর্বপুরুষদের অতিথিশালা, জলসাঘর, নিরাপত্তা প্রহরী ও জমিদারবাড়ির পাইক পেয়াদাসহ কর্মচারীদের থাকার ঘরগুলো এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে, একতলা কাচারিভবনসহ কয়েকটি দোতলা টিনের ঘর ইতোমধ্যে কালের আবর্তে ধ্বংস হয়ে গিয়েছে। যত্নের অভাবে কয়েকটি টিনের ঘর ঝুঁকিপূর্ণ ও বিলুপ্তির পথে। বাগানবাড়ির বেশিরভাগ শতবর্ষী টিনের ঘর এখনো ভালো অবস্থায় রয়েছে। দোতলা অতিথিশালার দেয়াল ও দরজা-জানালা কাঠের তৈরি। এর ছাদটি টিনের চৌচালা। পাশের হলুদ রঙের দোতলা জলসা ঘরটির নিচতলা ইট, চুন ও সুরকি দিয়ে এবং দোতলা ঘরটি কাঠ ও টিন দিয়ে নির্মিত।
পদ্মা নদীর ভাঙনের পর জমিদার পরিবারের বংশধরেরা বিশেষ করে হরেন্দ্রলাল রায়, নন্দলাল রায়, পুলিনকৃষ্ণ রায় ও তরিৎভূষণ রায় বাগানবাড়ির উত্তর দিকে বাড়ি নির্মাণ করে বসবাস করতে শুরু করেন। প্রতিটি বাড়ির ভেতর পূজামণ্ডপ ও বাড়ির সামনে দিঘি ছিল। হরেন্দ্রলাল রায়ের বাড়ির দক্ষিণ দিকে একটি বিশাল দিঘি এবং দিঘির পশ্চিম পাড়ে একটি শশ্মান এখনো রয়েছে।
রাজা সীতানাথ রায়ের পুত্র যদুনাথ রায় ছিলেন ভাগ্যকূলের সর্বশেষ জমিদার। তিনি বিশ শতকে লবণ, সুপারি ও কাপড় ব্যবসা করে খ্যাতি অর্জন করেন এবং প্রচুর ধন-সম্পদের মালিক হন। পিতা সীতানাথ রায়ের মৃত্যুর পর যদুনাথ রায় [পিতার অংশের জমিদারি] ভাগ্যকূল পরগনার জমিদারী লাভ করেন। জমিদার হওয়ার পর তিনি ও তার ছোটোভাই প্রিয়নাথ রায় বিশ শতকের প্রথম দিকে বালাশুর গ্রামে শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরের পাশে গ্রিক স্থাপত্যরীতিতে নতুন করে দু’টি দোতলা বাড়ি, কাচারিভবন ও পান্থশালা নির্মাণ করেন।
কুণ্ডুু পরিবারের সদস্যরা বিক্রমপুরসহ অনেক স্থানে জনহিতকর কাজ করেন। জমিদার হরলাল রায় ১৯০০ খ্রিষ্টাব্দে বাগানবাড়ির উত্তর পাশে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বাগানবাড়ির শতবর্ষী নীল কাঠের ঘরটি অধ্যক্ষের কক্ষ হিসেবে এবং অন্য তিনটি টিনের ঘর ভাগ্যকূল হরেন্দ্রলাল স্কুল ও কলেজের শিক্ষকগণের আবাসিক কক্ষ হিসেবে এখনো ব্যবহার করা হচ্ছে।
পিতা সীতানাথ রায়ের জীবদ্দশায় উনিশ শতকের শেষভাগে যদুনাথ রায়কে জমিদারির দায়িত্ব প্রদান করেন। জমিদারির দায়িত্ব পাওয়ার পর তিনি বালাশুরে শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ জিউ মন্দিরের পাশে নতুন করে বাড়ি, কাচারিভবন, পান্থশালাসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। এই বাড়িটিকে অনেকেই নবকুমারের বাড়ি বলতেন। বালাশুর জমিদারবাড়ি থেকে নদীপথে যাতায়াতের জন্য পদ্মা নদী থেকে খাল খনন করা হয়। নদী থেকে খাল হয়ে সরাসরি বাড়ির প্রধান ফটকের সামনে নামা যেতো। নৌযান থেকে নামলেই পূর্ব দিকে ডান পাশে বিশাল দিঘি ও পশ্চিম দিকে বামপাশে পান্থশালা। উত্তর দিকে কিছু পথ যাওয়ার পর জমিদারবাড়ির মূল প্রবেশদ্বার। জমিদার বাড়ির সীমানায় ঢুকলেই দূর থেকে চোখে পড়বে গ্রিক নকশায় নির্মিত মুখোমুখি দুটি বাড়ি। ভবন দটির প্রবেশ পথ, ভেতরের সিঁড়ি, কাঠের জানাল, দরজা, কক্ষ ও বারান্দা একই রকম গ্রিকনকশার আদলে তিন ফুট উঁচু প্লাটফর্মের উপর তৈরি। বাড়িটির পূর্ব দিকে একাধিক কক্ষবিশিষ্ট একতলা অতিথিশালা রয়েছে। অতিথিশালাটি মাটি থেকে চার ফুট উঁচু প্লাটফর্মে নির্মিত। অতিথিশালায় উঠতে একাধিক সিঁড়ি রয়েছে।
ভাগ্যকূলের জমিদার পরিবারের সবাই ছিলেন উচ্চশিক্ষিত প্রজা হিতৈষী। যদুনাথ রায়ের চাচা জমিদার শ্রীনাথ রায় ঢাকা ও কলকাতায় পড়ালেখা করেন। যদুনাথ রায়ের ছোটোভাই প্রিয়নাথ রায় ও বড়ো ছেলে লন্ডনে উচ্চশিক্ষা লাভ করেন। উনিশ শতকে ঢাকায় মিউনিসিপ্যালটি প্রতিষ্ঠিত হলে যদুনাথ রায়ের চাচা শ্রীনাথ রায়কে ঢাকা ডিস্ট্রিক বোর্ডের সদস্য করা হয়। তিনি ইংরেজ শাসনামলে শিক্ষা কমিশনের সদস্য ছিলেন। শিক্ষানুরাগী জমিদার শ্রীনাথ রায়কে সুশাসন ও জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি স্বরূপ ইংরেজ সরকার ১৮৯১ খ্রিষ্টাব্দে ‘রাজা’ উপাধি প্রদান করেন। মুন্সীগঞ্জের শ্রীনগরে রাজা শ্রীনাথ হাসপাতালটি এখনো তার স্মৃতি বহন করছে। জমিদার হরলাল রায় ১৯০০ খ্রিষ্টাব্দে ভাগ্যকূলে বাগানবাড়ির উত্তর পাশে ভাগ্যকূল হরেন্দ্রলাল বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
জমিদার যদুনাথ রায় তার পূর্বসূরিদের মতো দানশীল, প্রজা দরদি ও শিক্ষানুরাগী ছিলেন। তিনিও প্রজাদের কল্যাণে রাস্তা-ঘাট নির্মাণ, দিঘি খনন, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। তিনি মুন্সীগঞ্জ শহরে মুন্সীগঞ্জ হরেন্দ্রনাথ কলেজ, মুন্সীগঞ্জ হরেন্দ্রনাথ পাবলিক লাইব্রেরি, সিরাজদিখানে রায় বাহাদুর উচ্চবিদ্যালয়, ভাগ্যকূল উপ স্বাস্থ্যকেন্দ্রসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন। প্রজা দরদি, দানশীল ও শিক্ষানুরাগী জমিদার যদুনাথ রায়কে ১৯১৪ খ্রিষ্টাব্দে ইংরেজ শাসনামলে ‘রায় বাহাদুর’ উপাধি প্রদান করা হয়।
জমিদার যদুনাথ রায় তার ছেলেদের জন্য পার্শ্ববর্তী কলাকোপা বান্দুরায় আলাদা আলাদা প্রাসাদতুল্য বাড়ি নির্মাণ করে দেন। বাড়িগুলো জজ বাড়ি, কোকিলপেয়ারি জমিদারবাড়ি, উকিলবাড়ি নামে পরিচিত। সরকারবাড়ি তিনটিকে গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়েছে।

১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশ বিভাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হলে পাকিস্তানি শাসনামলে পূর্ব-বাংলার প্রায় সকল হিন্দু জমিদারগণ ভারতে চলে যান। জমিদার যদুনাথ রায় ও তার পরিবার পূর্ব-বাংলায় থেকে যান। ১৯৬৪ খ্রিষ্টাব্দে পূর্ব-পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে যদুনাথ রায়ের উদ্যোগে ভাগ্যকূল অঞ্চলে হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি বজায় ছিল। তবুও পাকিস্তান শাসকগোষ্ঠী যদুনাথ রায়ের পরিবারকে নানারকম হয়রানি ও নিপীড়ন করতে থাকে। এই অবস্থায় তাঁর আত্মীয়স্বজন সবাই ভারতের কলাকাতা, মুর্শিদাবাদ ও লন্ডনে চলে যান। শত নির্যাতন নিপীড়নের মধ্যেও জমিদার যদুনাথ রায় দেশ ত্যাগ করতে অস্বীকৃতি জানান। ১৯৬৫ খ্রিষ্টাব্দে ভারত-পাকিস্তান যুদ্ধের পর পাকিস্তান সরকার যদুনাথ রায়কে ভারতে যেতে বাধ্য করে। পূর্ব-পাকিস্তানের তৎকালীন গভর্নর মোনায়েন খান প্রশাসনের লোক পাঠিয় যদুনাথ রায়কে কলকাতাগামী স্টিমারে তুলে দেন। ভারতে যাওয়ার দুই বছর পর কলকাতার শোভাবাজার এলাকায় ১৯৬৭ খ্রিষ্টাব্দে ১৫ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
ভাগ্যকূল জমিদার পরিবারের নানারকম ব্যবসা ছিল। এরমধ্যে ইস্ট বেঙ্গল রিভার স্টিমার কোম্পানি, ইউনাইটেড ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক, মেসার্স প্রেমদাস জুটমিলসহ লবণ ও পাটের ব্যবসা উল্লেখযোগ্য।
জমিদার যদুনাথ রায়ের পরিবারের রেখে যাওয়া পরিত্যক্ত বাগানবাড়িতে এখন স্থানীয় ভূমি অফিসসহ কয়েকটি সরকারি অফিস পরিচালিত হচ্ছে। ভাগ্যকূল জমিদারের কর্মচারীদের উত্তরসূরিরা যে যার মতো স্থাপনা তৈরি করে এখানে বসবাস করছেন। এছাড়াও ডিসি অফিস থেকে অনুমোদন নিয়ে আরো কয়েকটি হিন্দু পরিবার বাগানবাড়িতে বসবাস করছেন। বসবাসকারী পরিবারগুলো বাগানবাড়ির আঙিনায় পরবর্তীসময়ে নতুন করে দটি মন্দি নির্মাণ করেন। পূর্বে এই মন্দিরগুলো বিলুপ্ত জমিদারবাড়ির আঙ্গিনায় ছিল। বাগানবাড়ির শতবর্ষী নীল কাঠের ঘরটি অধ্যক্ষের কক্ষ হিসেবে এবং অন্য তিনটি টিনের ঘর ভাগ্যকূল হরেন্দ্রলাল স্কুল ও কলেজের শিক্ষকগণের আবাসিক কক্ষ হিসেবে এখনো ব্যবহার করা হচ্ছে।
বাংলাশুরে যদুনাথ রায়ের বাড়ির উত্তর পাশে প্রতিষ্ঠা করা হয়েছে বিক্রমপুর ফাউন্ডেশন ও জাদুঘর। এখানে তুলে ধরা হয়েছে বিক্রমপুর ও ভাগ্যকূল জমিদার পরিবারের ইতিহাস। সংরক্ষণ করা হয়েছে জমিদার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র ও বিক্রমপুরের বিভিন্ন সময়ের নানারকম মূল্যবান নিদর্শন। এছাড়াও বিক্রমপুর অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিদের পরিচিতি তুলে ধরা হয়েছে। বালাশুরের জমিদারবাড়ির ভবনগুলো যত্নের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতিটি ভবনের ভেতর বাহিরে গজিয়ে উঠেছে লতাপাতা, অশ্বথ ও বটবৃক্ষ। জমিদারবাড়ির ভবনগুলো আজ ধ্বংসের মুখোমুখি। জরুরি ভিত্তিতে সংস্কারে ভাগ্যকুল জমিদারবাড়ির স্থাপনাগুলো রক্ষা করতে পারে। ভাগ্যকুল বালাশুর জমিদারবাড়ির স্থাপনাগুলো বাংলাদেশের উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
লেখক : গবেষক, লেখক ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা