সাগরতনয়া : সৈয়দা তাসলিমা আক্তার

25 Nov 2026, 02:03 PM ভ্রমন শেয়ার:
সাগরতনয়া : সৈয়দা তাসলিমা আক্তার

[পূর্ব প্রকাশিতের পর]


তৃতীয় দিন, মূলত আমাদের ফেরার দিন, সন্ধ্যায় যেহেতু আমাদের লঞ্চ ধরতে হবে আর পথে তিন তিনটি ফেরি পার হতে হবে তাই সময়কে ঠিক সেভাবে নির্ধারণ করা সম্ভব ছিল না। এসব ভেবেই সেদিন আর অন্য কোনো পরিকল্পনায় না গিয়ে সাগরের সাথে সময় কাটানো শ্রেয় বলে মনে হলো। দুপুরের খাওয়া শেষে আমরা ফেরার পথে বেরিয়ে পড়লাম বিকেলের মধ্যে পটুয়াখালি পৌঁছে সরাসরি ঘাটে। এরপর রাতভর আড্ডা— ভোর ভোর ঢাকা, সদরঘাট।

আমি দ্বিতীয়বার কুয়াকাটা যাই ২০০৭ খ্রিষ্টাব্দে, মূলত দাপ্তরিক উদ্দেশে আয়োজিত একটি ভ্রমণ। নভেম্বরের একরাতে ঢাকা থেকে সরাসরি বাসে বরিশাল হয়ে কুয়াকাটা। মাঝে বরিশালে ঘণ্টা দেড়েকের বিরতি। পথের অভিজ্ঞতা ভয়াবহ। আগের রাতে রওনা হয়ে পরদিন সন্ধ্যা গড়িয়ে আমরা কুয়াকাটা পৌঁছুলাম। পথে তিনটি ফেরি পারাপার থাকায় সময়টা আরো বেশি লেগে গেল। বিশেষ করে আন্ধারমানিক নদী পার হতে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। তখনই জানলাম নদীর নাম কেন আন্ধারমানিক, নদীর জল অন্ধকারে থেকে থেকে জ্বলে ওঠে। আমিও এর চাক্ষুষ সাক্ষী হলাম, আঁধার ঘনাতেই মনে হলো যেন নদীর জলে হাজার জোনাকি জলকেলি করছে। আগে হয়তো এ নিয়ে অনেক অলৌকিক গল্প তৈরি হয়েছিল কিন্তু এখন জানা গেল এর বৈজ্ঞানিক ব্যাখ্যা। আমার অবশ্য অলৌকিকতায় আগ্রহ নেই তাই বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই বলি, আন্ধারমানিক নদীর পানিতে প্রচুর ফসফরাস থাকায় এমন হয়।

আগেই বলেছি, কুয়াকাটা পৌঁছুতে আমাদের সন্ধে পেরিয়ে গিয়েছিল তাই গেস্ট হাউজে পৌঁছে ফ্রেস হয়ে বেরিয়ে পড়লাম সাগর দেখবো বলে। হালকা চাঁদের আলোয় বাতাসে সমুদ্রের নোনা গন্ধ, ঢেউয়ের উত্তাল ছন্দ— সবকিছুই অসাধারণ যা প্রায় পুরো একটা দিনের পথশ্রমের ক্লন্তিকে শুষে নিল। এরপর রাত্রি সাড়ে ৯টা নাগাদ রাতের খাবার খেয়ে গেস্ট হাউজে ফিরে এলাম। পরদিন বেলা ন’টার দিকে আমরা একটি ছোটো ইঞ্জিন বোটে করে ফাতরার চরে রওনা হলাম এর আগে আমি এ চরটির নাম শুনিনি এটা আমার জন্য একটা সারপ্রাইজ ছিল বলা যায়। পরে জেনেছিলাম, এটা সুন্দর বনের ছোটো একটি টুকরো, বনবিভাগ এটাকে সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল হিসেবে ঘোষণা করেছে। এখানে স্থায়ী কোনো জনবসতি নেই। ফাতরার চর যেতে হলে তিনটি নদীর মোহনা অতিক্রম করতে হয়— আগুন মুখা, আন্ধারমানিক আর বুড়া গৌরাঙ্গ। ফাতরার চরের ঘাট থেকে বনের ভেতর চলে গেছে কাঠের পাটাতনের হাটা পথ, বোঝা যায়, এই পথটিকে জোয়ার-ভাটার মর্জি সহ্য করতে হয়, এখানে সেখানে নোনা জলের জেদি আঘাতের চিহ্ন। কতদূর পথ শেষ হয়েছে জানা নেই হয়তো পুরো দ্বীপের বুক চিরেই পথটি চলে গেছে যদিও আমরা পুরোটা হাঁটিনি। ৯,৯৭৬ একরের ছোটো বনটি আড়াআড়ি ৬.৩৫ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে নেহায়েত কম সময় লাগতো না তাই সে চেষ্টায় কোনো মনই দিইনি। যদিও এর আগে আমার সুন্দরবন যাওয়া হয়নি তাই বনের ভেতরের এই রাস্তাটি আমার কাছে বেশ গহিন মনে হয়েছে। আর আসা-যাওয়ার পথটি ছিল অসাধারণ যেন ক্যালেন্ডারের পাতায় থাকা কোনো ছবির দেশে চলে গেছি। আমাদের সাথে একজন ছবিয়াল ছিল যিনি তার ছবির বাক্শে প্রকৃতিকে ধরে রাখতে ব্যস্ত ছিলেন। মাঝে মাঝে অবশ্য আমরাও তার বাক্শে ছবি হয়ে উঠেছিলাম। যে-সময়ের কথা বলছি তখন কিন্তু মোবাইল ক্যামেরার যুগ শুরু হয়নি।

দুপুরের যে-সময়টাতে আমরা আমাদের ডেরায় ফিরে এলাম ততক্ষণে লাঞ্চ টাইম শেষ হতে চলল, আমরা সাত তাড়াতাড়ি নাওয়া শেষ করে খেতে চলে গেলাম। খাওয়ার পর কিছুটা বিশ্রাম নিয়ে সন্ধ্যায় বের হলাম, যদিও বিকেলে বের হবো ভেবেছিলাম, কেননা সমুদ্রে সূর্যাস্তের ক্ষণটা অসাধারণ কিন্তু নভেম্বরে সন্ধেটা যেন ঝুপ করেই নেমে যায় তাই আর সেদিন সূর্যাস্ত দেখা হলো না। সন্ধ্যায় বের হয়ে প্রথমে সমুদ্রের উথাল-পাতাল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে সাগরপাড় ধরে অনেকটা সময় হেঁটে বেড়ালাম, এরপর চলে গেলাম কুয়াকাটার বিখ্যাত কুয়ো ঘিরে গড়ে ওঠা বাহারি পণ্যের দোকানগুলোতে, বিভিন্ন দোকানে ঢুঁ মারলাম। কেনাকাটাও হলো অল্প-বিস্তর। রাত সাড়ে ন’টা নাগাদ রাতের খাবারের সময় নির্ধারিত ছিল তাই সরাসরি রেস্তোরাঁয় চলে গেলাম।

পরদিন আমার তেমন কোনো পরিকল্পনায় ছিল না, কিছুটা অলস সময় নিজের মতো করে কাটানোই ছিল লক্ষ্য, কেননা সেদিন সন্ধ্যায় আমরা ফেরার বাসে উঠবো। কুয়াকাটায় আমাদের তৃতীয় দিন, প্রায় পুরোটা সময় সমুদ্রকে পাশে নিয়ে চলেছি কিন্তু সমুদ্্রস্নান হয়নি তাই শেষ দিন মন ভরে সমুদ্রে ভিজবো। আমাদের টিমে একজন সিনিয়র কলিগ ছিলেন হালিমা ম্যাডাম, তাঁর পানিতে নামতে খুব ভয়। আগের দিন ফাতরার চরে যাওয়ার সময় টের পেলাম, উনি কোনোমতেই নৌকায় উঠবেন না। অন্য সবাই যাক, কোনো সমস্যা নেই তিনি একাই গেস্ট হাউজে থেকে যাবেন, এমন একরোখা জেদ ধরে বসে আছেন। শেষ অবধি গেলেন বটে, তবে তাঁকে নৌকায় উঠতে রাজি করাতে বেশ কাঠ-খড় পোড়াতে হলো। যাই হোক সেদিনও একই ব্যাপার, একদিকে পানির ভয় কাটাতে পারছেন না অন্যদিকে সমুদ্রের ডাকও উপেক্ষা করতে পারছেন না। তাঁর এই উভয় সঙ্কট দেখে আমি অনেকটা জবরদস্তিই বলা যায় তাঁকে সৈকতে নামালাম। আমি আমার অনেক লেখায় উল্লেখ করেছি, আমার নিজের ধারণা সমুদ্্রর পানিতে একটা নেশা আছে একবার নামলে আর সহজে উঠতে ইচ্ছা করে না। আমার ধারণাকে সত্যি প্রমাণ করার জন্যই যেন হালিমা ম্যাডামকে সমুদ্রের পানি থেকে তোলা যাচ্ছিল না, এই উঠছি, উঠবো বলে সমুদ্রের পানিতে আধ ডুবো হয়ে আমরা দুপুর গড়িয়ে দিচ্ছিলাম, এরমধ্যে লাঞ্চের তাড়া পেয়ে উঠতে হলো। দুপুরের পর সময়টা খুব দ্রুত ফুরালো, বাক্শোপ্যাটরা সব গুছিয়ে নিয়ে বিকেলের শেষটুকু নিয়ে সেবারের মতো সমুদ্রকে বিদায় দিতে আমরা সৈকতে গেলাম। ২০০৭ খ্রিষ্টব্দে সৈকত, বাঁধ এবং এর আশপাশের পুরো এলাকা বেশ ছিমছাম আর নিরিবিলি ছিল, প্রকৃতিকে আপন করে নেওয়ার একটু ফুসরত সেখানে অবশিষ্ট ছিল। পথ-ঘাটের ঝক্কিটা বাদ দিলে কুয়াকাটা তখনো পর্যন্ত বেড়ানোর জন্য খুব একটা মন্দ ছিল না। সমুদ্রকে বিদায় দিয়ে আমরা সন্ধের মধ্যে রুমে ফিরে এলাম। কারণ, ততক্ষণে ফেরার ঘণ্টা বেজে গেছে, ফেরার বাস চলে আসায় আমরা ততক্ষণে বাসে উঠবো বলে বেরিয়ে পড়লাম।

২০১৭ খ্রিষ্টাব্দে আমার তৃতীয়বারের মতো সুযোগ হয়েছিল কুয়াকাটা যাওয়ার, এটাও ছিল দাপ্তরিক ভ্রমণ, সময় আবারো নভেম্বর। তবে, সে নভেম্বরে মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল যে কারণে ভ্রমণটা আরো অসুবিধাজনক হয়ে পড়ছিল। সত্যি বলতে কি সেবার কুয়কাটা যাওয়ার পর আমার খুব মন খারাপ হলো। একটি সম্ভাবনাময় বিরল সৈকত শুধু অব্যবস্থাপনা আর অবহেলায় একটি অপরিচ্ছন্ন ক্ষয়ে যাওয়া জনপদে পরিণত হলো। একে তো এখানে ভালো মানের হোটেল খুব কম সেইসঙ্গে পথ-ঘাটের দুরবস্থা তো রয়েছেই। সাধারণ নিয়মে সময়ের সঙ্গে সবকিছু হালনাগাদ হয় কিন্তু ২০১৭ খ্রিষ্টাব্দে কুয়াকাটা গিয়ে মনে হলো এটি আরো প্রত্যন্ত হয়ে গেছে। ঘিঞ্জি এবং নোংরা একটি অবয়ব বা অবকাঠামো কুয়াকাটা ভ্রমণের ইচ্ছেটাকেই নষ্ট করে দেয়। এছাড়া রয়েছে বাইকারদের উৎপাত। একটু নিজের মনে দু’দণ্ড হাঁটার উপায় নেই, বাইকাররা এসে বিরক্ত করবে, বিভিন্ন স্থানে তারা কম খরচে ঘুরিয়ে আনবে এইসব। এটা আদতে স্ক্যাম। যতই বলি আমরা কোথায়ও যদি যাই এবং বাইক দরকার হয় তবে আমরা নিজেরাই যোগাযোগ করবো। এধরনের আলোচনায় তারা অনেক সময় ভ্রমণপ্রেমীদের সাথে অযথা তর্ক জুড়ে দেন, খারাপ ব্যবহারও করে থাকেন। তবে, যে-সময় আমি দ্বিতীয়বারের মতো ফাতরার চরে গিয়েছি নিঃসন্দেহে সে-সময়টা খুব ভালো কেঁটেছে। নদীর টলটলে জল কেটে সরু খাল পেরিয়ে, তিন নদীর মোহনা পার হয়ে ফাতরার চরে পৌঁছানোর অভিজ্ঞতা অসাধারণ।

আমার তিনটি আলাদা আলাদা সময়ে কুয়াকাটা ভ্রমণের অভিজ্ঞতায় ভ্রমণের আনন্দ থেকে অভিযোগ বেশি অথচ এত চমৎকার একটি স্পট যেখানে নিরিবিলি নিজের মতো করে সময় কাটানোর সকল উপাদান বিদ্যমান, সাথে রয়েছে নৃতাত্ত্বিক ভিন্নতা যা ভ্রমণকে আরো বৈচিত্র্যময় করে তুলতে ভূমিকা রাখে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানে এসে অধিকাংশেরই আশা ভঙ্গ হয়। অথচ যথাযথ পরিকল্পনা আর যত্ন সাগরকন্যাকে স্বপ্ন রাজ্যের রূপ দিতে পারে।