স্পষ্ট উচ্চারণ, মিষ্টি কণ্ঠ, সাবলীল বাচনভঙ্গি ও আকর্ষণীয় ব্যক্তিত্ব— সংবাদ উপস্থাপনায় এসব গুণের সমন্বয়ে দর্শকের কাছে পরিচিত মুখ চ্যানেল ওয়ানের সংবাদ উপস্থাপক কাজী আয়শা। নিজের মেধা, যোগ্যতা ও আত্মবিশ্বাস দিয়ে গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচিতি। তাঁর এই পথচলার গল্প বলেছেন আনন্দভুবনকে। লিখেছেন শহিদুল ইসলাম এমেল...
যেভাবে সংবাদ উপস্থাপনায় আসা
ছোটোবেলা থেকেই টেলিভিশনের সংবাদ উপস্থাপকদের প্রতি বিশেষ আকর্ষণ ছিল কাজী আয়শার। বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনের সংবাদে উপস্থাপিকাদের পরিপাটি সাজ, শাড়ি পরা এবং সুন্দরভাবে সংবাদ পরিবেশনের বিষয়টি তাঁকে মুগ্ধ করত। তাঁদের কথা বলার ধরন দেখে মনে মনে ভাবতেন, কীভাবে এত সুন্দর করে কথা বলেন তাঁরা ! এমনকি সংবাদ শেষে উপস্থাপিকারা টেলিভিশনের ভেতর থেকে কীভাবে কোথায় চলে যান, তা নিয়েও তাঁর শিশুমনে কৌতূহল তৈরি হতো। তবে তখনো ভাবেননি, একদিন নিজেই এই পেশার সঙ্গে যুক্ত হবেন।
অনার্স শেষ করার পর নিজের আগ্রহ থেকেই সংবাদ উপস্থাপনাকে পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন। খোঁজখবর নিয়ে ভর্তি হন একটি নিউজ একাডেমির প্রশিক্ষণ কোর্সে। কোর্স শেষ করার কয়েক মাসের মধ্যেই পেয়ে যান প্রথম কাজের সুযোগ। ‘প্রবাস টাইম’ নামের একটি অনলাইন নিউজ চ্যানেলের মাধ্যমে তাঁর সংবাদ উপস্থাপনায় হাতেখড়ি। এরপর মূলধারার টেলিভিশনে যাত্রা শুরু হয় বিজয় টিভির মাধ্যমে। পরবর্তীসময়ে নিউজ ২৪, স্টার নিউজ হয়ে বর্তমানে চ্যানেল ওয়ান নিউজে কাজ করছেন তিনি।

নিজের স্বপ্ন পূরণে একাই পথ চলা
তবে এই পথচলায় সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল পারিবারিক সীমাবদ্ধতা। কাজী আয়শা জানান, তাঁর বাবা কখনোই মিডিয়ায় কাজ করার বিষয়টি পছন্দ করতেন না। তাই বাবার অনুমতি চাইলে শুরুতেই না শুনতে হবে, এমন ধারণা থেকেই প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার বিষয়টি তাঁকে না জানিয়েই সিদ্ধান্ত নেন। সে-সময় টিউশনি করে পাওয়া টাকা জমিয়ে নিজের প্রশিক্ষণের খরচ বহন করেছিলেন। মা বিষয়টি জানলেও বাবার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে মেয়ের মিডিয়ায় যুক্ত হওয়াকে তিনিও খুব একটা সমর্থন করেননি। ফলে অনেকটা একাই নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে হয়েছে তাঁকে। তাঁর ভাষায়, ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসই ছিল এগিয়ে যাওয়ার প্রধান শক্তি।
প্রথম সংবাদ পাঠের অভিজ্ঞতা
প্রথম সংবাদ পাঠের অভিজ্ঞতা আজও মনে দাগ কেটে আছে তাঁর। প্রথম দিন শাড়ি পরে স্টুডিওতে গিয়ে হট সিটে বসার পর বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন। চারপাশে আলো আর ক্যামেরা দেখে পা কাঁপছিল অনবরত। প্রডিউসারের নির্দেশনা অনুসরণ করে লাইভ সংবাদ পরিবেশন করাও ছিল বড়ো চ্যালেঞ্জ। দর্শক তাঁকে সরাসরি দেখছেন— এই ভাবনাই পুরো সময়জুড়ে কাজ করছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্টুডিওর পরিবেশ ও ক্যামেরার সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনি। এখন পেছনে ফিরে তাকালে সেই দিনটিকে জীবনের নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে হয় তাঁর।
ভালো সংবাদ উপস্থাপকের গুণাবলি
একজন ভালো সংবাদ উপস্থাপক হওয়ার ক্ষেত্রে শুদ্ধ উচ্চারণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন কাজী আয়শা। তাঁর মতে, উচ্চারণ শুদ্ধ হলে আত্মবিশ্বাস বাড়ে এবং কাজের চাপ অনেকটাই কমে আসে। পাশাপাশি সাবলীলভাবে কথা বলা, আত্মবিশ্বাস, সংবাদ ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান এবং ক্যামেরার সামনে স্বাভাবিক থাকার দক্ষতা থাকা জরুরি। নিয়মিত অনুশীলনের পাশাপাশি শেখার মানসিকতাও ধরে রাখতে হবে। কারণ এই পেশায় শেখার কোনো শেষ নেই।

মজার এক বিব্রতকর অভিজ্ঞতা
সংবাদ উপস্থাপনার ব্যস্ততার মধ্যেও কিছু মজার অভিজ্ঞতা জমা হয়েছে তাঁর ঝুলিতে। একবার লাইভ সংবাদে একজন প্রতিনিধি তাঁর নাম এমনভাবে বিকৃত করে উচ্চারণ করেছিলেন, যা শুনে পুরো নিউজ টিম হাসিতে ফেটে পড়ে। ঘটনাটি তাঁর কাছে বিব্রতকর না হয়ে বরং হাস্যরসের স্মৃতি হয়ে আছে। মজার বিষয়, সেই বিকৃত নাম ধরেই এখনো আশপাশের অনেকেই তাঁকে ডাকেন।
প্রশিক্ষণের গুরুত্ব
সংবাদ উপস্থাপনার ওপর আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছেন কাজী আয়শা। তাঁর মতে, এই পেশায় প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হাতে-কলমে শেখার কিছু বিষয় রয়েছে, যা শুধু ঘরে বসে আয়ত্ত করা সম্ভব নয়। প্রশিক্ষণের মাধ্যমে উপস্থাপনার প্রাথমিক ধারণা, কৌশল ও আত্মবিশ্বাস তৈরি হয়। এ-কারণেই পেশাগত যাত্রার শুরুতেই প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সংবাদ উপস্থাপনার পাশাপাশি উদ্যোক্তা
পেশাগত জীবনের পাশাপাশি নিজের ভালো লাগা থেকেও নতুন একটি উদ্যোগ গড়ে তুলেছেন কাজী আয়শা। বর্তমানে চ্যানেল ওয়ানে ফুলটাইম সংবাদ উপস্থাপিকা হিসেবে সপ্তাহে ছয়দিন কাজ করেন। এর পাশাপাশি পরিচালনা করছেন ‘Sakhee-সখী’ নামের একটি ছোট্ট উদ্যোগ। এখানে মূলত তাঁতের শাড়ি নিয়ে কাজ করছেন তিনি।
শাড়ির প্রতি ব্যক্তিগত ভালোবাসা থেকেই এই উদ্যোগের শুরু। সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার পর ভালো মানের শাড়ি সাশ্রয়ী দামে সংগ্রহ করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে। সেই অভিজ্ঞতা থেকেই শাড়ি নিয়ে কাজ করার ইচ্ছা তৈরি হয়। ভবিষ্যতে উদ্যোগটিকে আরো বড়ো পরিসরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।

নতুনদের প্রতি পরামর্শ
নতুন যারা সংবাদ উপস্থাপনা পেশায় আসতে চান, তাঁদের জন্য কাজী আয়শার পরামর্শ— নিয়মিত চর্চা করতে হবে, আত্মবিশ্বাস বাড়াতে হবে এবং নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যে বিষয়ে জানা নেই, সেটি আগে ভালোভাবে শিখে নেওয়া জরুরি। ধৈর্য, প্রস্তুতি ও শেখার মানসিকতা থাকলে সংবাদ উপস্থাপনা পেশায় ভালো করা সম্ভব। সবার পথচলা এক রকম হয় না। কেউ দ্রুত গন্তব্যে পৌঁছান, কারো সময় লাগে একটু বেশি। তবে চেষ্টা অব্যাহত রাখলে সফলতা আসবেই বলে বিশ্বাস করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা বড়ো
ভবিষ্যতে যতদিন নিজেকে এই পেশার সঙ্গে মানিয়ে নিতে পারবেন, ততদিন সংবাদ উপস্থাপনার সঙ্গে যুক্ত থাকতে চান কাজী আয়শা। কাজের প্রতি ভালোবাসা ও নিষ্ঠা নিয়েই এগিয়ে যেতে চান তিনি।

অবসরে ঘোরাঘুরি ও পেইন্টিং
কাজের বাইরে অবসর সময় কাটে ঘোরাঘুরি, পেইন্টিং ও ক্রাফটিং করে। ছোটোবেলা থেকেই ছবি আঁকা ও হাতে তৈরি বিভিন্ন জিনিসের প্রতি তাঁর আগ্রহ। সুযোগ পেলেই পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালো লাগে তাঁর, বিশেষ করে পাহাড়ি অঞ্চল বেশ প্রিয়।
প্রিয় রং, ঋতু ও খাবার
ব্যক্তিগত পছন্দের তালিকায় কালো রং রয়েছে সবার ওপরে। তবে ছবি আঁকার প্রতি ভালোবাসা থাকায় সব রঙের প্রতিই রয়েছে তাঁর বিশেষ অনুরাগ। প্রিয় ঋতু শীতকাল। শীতের আরামদায়ক আবহাওয়া, সুন্দর পোশাক, মৌসুমি ফল ও সবজি— সবকিছুই উপভোগ করেন তিনি। খাবারের ক্ষেত্রে বাংলা খাবারের ভাত ও বিভিন্ন ধরনের ভর্তা তাঁর বিশেষ পছন্দ। পাশাপাশি সি-ফুড ও চিজযুক্ত খাবারও বেশ ভালো লাগে।
শৈশবের টেলিভিশন পর্দার প্রতি মুগ্ধতা থেকে শুরু হওয়া যে স্বপ্ন একসময় নিজের পেশাগত পরিচয়ে রূপ নিয়েছে, তার পেছনে রয়েছে অধ্যবসায়, আত্মবিশ্বাস ও নিজের ইচ্ছার প্রতি অবিচল থাকার দৃঢ় মানসিকতা। সংবাদ উপস্থাপনার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগ নিয়েও সামনে এগিয়ে যেতে চান কাজী আয়শা। তাঁর এই বহুমুখী পথচলা নিঃসন্দেহে নতুনদের জন্য অনুপ্রেরণার। আনন্দভুবনের পক্ষ থেকেও রইলো তার প্রতি শুভকামনা।