বাবার ‘যাপিত জীবন-এ ভাবনা

25 Nov 2026, 02:10 PM মুভিমেলা শেয়ার:
বাবার ‘যাপিত জীবন-এ ভাবনা


দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কালজয়ী উপন্যাস ‘যাপিত জীবন’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। ১৯৮১ খ্রিষ্টাব্দে প্রকাশিত উপন্যাসটির মূল পটভূমি হলো ১৯৪৭ খ্রিষ্টাব্দের দেশভাগ থেকে ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলন পর্যন্ত। সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি ২০ নভেম্বর মুক্তি পায়। সিনেমা মুক্তি ও নানা বিষয় নিয়ে কথা হয় ছবিটির অভিনেত্রী আশনা হাবীব ভাবনার সাথে। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...


২০ নভেম্বর স্টার সিনেপ্লেক্সসহ সারাদেশে মুক্তি পেয়েছে সেলিনা হোসেনের উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে ও হাবিবুল ইসলমা হাবিব পরিচালিত ‘যাপিত জীবন’ ছবিটি। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবীব ভাবনা, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, আবুল কালাম আজাদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, তানভীর হোসেন প্রবাল, কাজী হায়াৎ, ডলি জহুর, মৌসুমী হামিদ, মিলি মুন্সী, প্রণব ঘোষ, খালিদ মাহমুদ তুর্যসহ আরো অনেকে। ছবিতে আঞ্জুম চরিত্রে অভিনয় করেছেন অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী ও লেখক আশনা হাবিব ভাবনা। বরাবরই ভাবনা নানা শাখায় নিজেকে মেলে ধরতে ভালোবাসেন। ছোটোপর্দায় নিজেকে ঝালিয়ে নাম লেখান বড়োপর্দায়। এখানেও সফল হন ভাবনা। ছোটোপর্দায় ভাবনার উপস্থিতি কম হলেও বড়োপর্দায় রয়েছে তার সরব উপস্থিতি। এরমধ্যে ২০ নভেম্বর মুক্তি পায় ‘যাপিত জীবন’ ছবিটি। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে আরো কয়েকটি সিনেমা। সব মিলিয়ে বড়োপর্দায় নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ সময় পার করছেন ভাবনা।

সরকারি অনুদানে ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। দেশভাগ, ভাষা আন্দোলন, পারিবারিক সম্পর্ক এবং মানুষের অস্তিত্বের সংকট নিয়ে এই ছবিটি। বাবার পরিচালনায় এটিই ভাবনার প্রথম সিনেমা। এর আগে নিজের অভিনয়জীবনে আলাদা পরিচয় তৈরি করতে চেয়েছেন তিনি। তাই বাবার সঙ্গে কাজ করার সুযোগ থাকা সত্ত্বেও এতদিন একসঙ্গে কাজ করেননি। ‘যাপিত জীবন’ সেই দূরত্ব ভেঙেছে। তবে, পারিবারিক সম্পর্কের কারণে কাজটি তার জন্য সহজ হয়ে যায়নি, বরং দায়িত্ব বেড়েছে কয়েক গুণ।

সিনেমাটির শুটিং করতে প্রায় একবছর সময় লেগেছে। রাজবাড়ির গোয়ালন্দে টানা ২০ দিন শুটিং হয়েছে। সম্পাদনা, সেন্সর ও মুক্তির প্রস্তুতি মিলিয়ে দীর্ঘ অপেক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে পুরো দলকে। ২০২৪ খ্রিষ্টাব্দের নভেম্বরে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পায়। অবশেষে প্রেক্ষাগৃহে দর্শকের সামনে আসার অপেক্ষা শেষ হতে যাচ্ছে।

সিনেমায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ভাবনা বলেন, ‘দেশভাগ, ভাষা আন্দোলনসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ‘যাপিত জীবন’। সেই সময়ে আমি নিজে চাইলেও কখনো ফিরে যেতে পারব না। অভিনেত্রী ভাবনা আঞ্জুম হয়ে সেখানে ফেরত যেতে পেরেছে। এটি আমার জন্য বড়ো প্রাপ্তি। অন্য সেটে আমি শুধু একজন অভিনেত্রী। কিন্তু এখানে সিনেমাটির সঙ্গে আমার একাধিক বাড়তি দায়িত্ব ছিল। এখানে আমি শুধু অভিনয়শিল্পীই ছিলাম না, দলেরও একজন সদস্য ছিলাম।’

সিনেমাটির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে তিনি বলেন, ‘এটি বাংলাদেশের সিনেমা। এতে ইতিহাস রয়েছে। অনেক গুণী অভিনয়শিল্পী কাজ করেছেন। সিনেমাটি আমাদের শেকড়ের গল্প বলেছে। এটি সারাজীবন থেকে যাবে সময়ের দলিল হয়ে। সবকিছু মিলিয়ে এটি দর্শকের কাছে গুরুত্বপূর্ণ একটি সিনেমা হয়ে উঠবে বলে মনে করছি।’

আঞ্জুম চরিত্রটি ১৯৪৭ খ্রিষ্টাব্দের দেশভাগের সময়ের। সে-সময়ের একজন নারীকে পর্দায় ধারণ করা মোটেও সহজ ছিল না বলে ভাবনা জানান। এ প্রসঙ্গে ভাবনা আরো বলেন, ‘আঞ্জুম চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমি এখন ২০২৬ খ্রিষ্টাব্দের ভাবনা, আর আঞ্জুম ১৯৪৭ খ্রিষ্টাব্দের একজন মানুষ। সময়ের ব্যবধান অনেক। বিশেষ করে সেই সময়ের মানুষের হাঁটাচলা, চোখের ভাষা, কথা বলার ধরন এবং মানসিক স্থিরতা রপ্ত করতে হয়েছে দীর্ঘদিন ধরে। চরিত্রের প্রয়োজনে নিজের স্বাভাবিক অভ্যাস থেকেও বেরিয়ে আসতে হয়েছে। জীবনবোধ বুঝে চরিত্রটি ধারণ করতে হয়েছে।’

দেশভাগ ও ভাষা আন্দোলনের ইতিহাসও ভাবনার কাছে বিশেষ আবেগের বিষয়। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগকে তিনি মনে করেন বিশ্ব ইতিহাসের এক অনন্য অধ্যায়। তার মতে, নতুন প্রজন্মের সামনে এ ইতিহাস আরো বেশি করে তুলে ধরা প্রয়োজন। ষাটোর্ধ্ব বয়সেও তার বাবা দেশের ইতিহাস, ভাষা ও মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমা নির্মাণে সাহসী ভূমিকা রাখছেন, এ বিষয়টিও তাকে অনুপ্রাণিত করেছে।


ভাবনা অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হচ্ছে

‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। ওয়ালিদ আহমেদের পরিচালনায় ‘ঢাকা ১২০৫’, ‘পায়েল’ সিনেমার কাজ শেষ হয়েছে। সেন্সরও পেয়েছে এটি।

সব মিলিয়ে চারটি সিনেমার মাধ্যমে ভিন্ন ভিন্ন ঘরানার চরিত্রে দর্শকের সামনে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভাবনা। সিনেমাগুলো নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। এ ছাড়া তানভীর হাসানের পরিচালনায় ‘যাযাবর’ সিনেমায় প্রথমবার বড়োপর্দায় জুটি হয়েছেন আব্দুন নূর সজল ও ভাবনা। এর প্রথম লটের কাজ শেষ হয়েছে। থ্রিলার ও অ্যাকশনধর্মী এই সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন পরিচালক। অরণ্যের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে হয়েছে ভাবনাকে।


কবিতার বই ও বহুমাত্রিক ভাবনা

অভিনয়ের পাশাপাশি আঁকাআঁকি ও লেখালেখি ভাবনার নিয়মিত চর্চার অংশ। সামাজিক মাধ্যমে নিজের আঁকা ছবি, লেখা ও জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। উপন্যাসের পাশাপাশি কবিতাও লিখছেন নিয়মিত। শিগগির নিজের কবিতার বই প্রকাশের ইচ্ছা রয়েছে তার।

‘যাপিত জীবন’ ছবিটি প্রায় দুইডজন হলে মুক্তি পায়। এরমধ্যে পূর্বাশা-শান্তাহার, মমইন-বগুড়া, ছায়াবাণী-ময়মনসিংহ, অভিরুচি-বরিশাল, সৈনিক ক্লাব-ঢাকা, বিজিবি-ঢাকা, সুগন্ধা-চট্টগ্রাম, মধুবন-বগুড়া, গ্র্যান্ড রিভারভিউ-রাজশাহী, শ্যামলী-ঢাকা, স্বপ্নীল সিনেপ্লেক্স-কুষ্টিয়া, সিনেস্কোপ-নারায়নগঞ্জ, বনলতা-ফরিদপুর, গ্র্যান্ড-সিলেট।

ছবিটি মুক্তি উপলক্ষে নির্মাতা হাবিবুল ইসলাম বলেন, অনেকদিন পর ছবিটি আলোর মুখ দেখছে। এটা অত্যন্ত আনন্দের একটি সংবাদ। ছবিটি ২০২২ খ্রিষ্টাব্দে সরকারি অনুদান পায়। ওই বছরই ছবিটির শুটিং শুরু হয়। ২০২৩ খ্রিষ্টাব্দের মার্চে শুটিং সম্পন্ন হয়। এরপর ডাবিং, এডিটিং, কালারস ও অন্যান্য কাজ শেষ করে ২০২৫ খ্রিষ্টাব্দে সেন্সরে জমা দেওয়া হয়। সেন্সরে উত্তীর্ণের পর ইমপ্রেস টেলিফিল্মের সহযোগিতায় সিনেমাটি এখন মুক্তি পাচ্ছে। আমি কৃতজ্ঞ ফরিদুর রেজা সাগর ভাইয়ের কাছে, তিনি আন্তরিকতার সাথে আমাদের সহযোগিতা করেছেন।

‘যাপিত জীবন’ উপন্যাস নিয়ে কাজ করা প্রসঙ্গে হাবিব বলেন, দেশের প্রতি প্রেম, মায়া ও ভালোবাসা সামাজিক দায়বদ্ধতা থেকে এই উপন্যাসটি বেছে নিয়েছি। এই উপন্যাসে দর্শক দেশপ্রেম পাবে। ১৯৪৭ খ্রিষ্টাব্দের দেশভাগ থেকে ১৯৫২ খ্রিষ্টাব্দের ভাষা আন্দোলন পর্যন্ত বাঙালি জাতির সংগ্রাম ও ইতিহাসের উত্তাল সময়টা তুলে ধরা হয়েছে, যা অনেকেই জানেন না। বিশেষ করে এই প্রজন্মকে সিনেমাটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মেয়ে ভাবনার অভিনয় প্রসঙ্গে হাবিব বলেন, আশনা হাবিব ভাবনা একজন গুণী অভিনেত্রী। তার সাবলীল অভিনয়ের জন্য নির্মাতারা তাকে নিয়ে কাজ করতে সাচ্ছন্দ্যবোধ করেন। এই ছবিতেও তিনি তার সেরাটা দিয়ে কাজ করেছেন। হ