ভালোবাসার গল্প : সম্পর্ক আর বাস্তবতার এক হৃদয়ছোঁয়া উপাখ্যান : শহিদুল ইসলাম এমেল

30 Jul 2026, 02:24 PM আকাশলীনা শেয়ার:
ভালোবাসার গল্প : সম্পর্ক আর বাস্তবতার এক হৃদয়ছোঁয়া উপাখ্যান  : শহিদুল ইসলাম এমেল


সিএমভি ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত নাটক ‘ভালোবাসার গল্প’। ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী ও রিংকুকে নিয়ে নির্মিত এই নাটকটি মুক্তির অল্প সময়ের মধ্যেই কোটি দর্শকের ভালোবাসা কুড়িয়ে ইউটিউব ট্রেন্ডিংয়েও জায়গা করে নিয়েছে। নাটকটি মুক্তির এক সপ্তাহে ভিউ হয়েছে ১০ মিলিয়নের বেশি। নাটকটির বিপুল ভিউ, ইতিবাচক দর্শকপ্রতিক্রিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা প্রমাণ করে- এটি কেবল একটি প্রেমের গল্প নয়, বরং সম্পর্কের অনুভূতি ও মানবিক টানাপোড়েনের একটি সফল উপস্থাপন।

নাটকের সবচেয়ে বড়ো শক্তি এর গল্প বলায়। শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনি ধীরে ধীরে এগিয়েছে, কোথাও অযথা নাটকীয়তা বা অতিরঞ্জনের আশ্রয় নেওয়া হয়নি। চরিত্রগুলোর আবেগ, দ্বন্দ্ব, অভিমান এবং ভালোবাসা এমনভাবে ফুটে উঠেছে, যা দর্শককে সহজেই গল্পের ভেতরে টেনে নেয়। বাস্তব জীবনের সম্পর্কের নানা রং এখানে ধরা পড়েছে বলেই নাটকটি অনেকের কাছে নিজের জীবনেরই প্রতিচ্ছবি মনে হয়েছে।

অভিনয়ের ক্ষেত্রে ইয়াশ রোহান আবারও প্রমাণ করেছেন, কেন তিনি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা। সংযত অভিনয়, সংলাপ বলার স্বাভাবিকতা এবং আবেগ প্রকাশের দক্ষতায় তিনি চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলেছেন। অন্যদিকে তটিনীর অভিনয়ও ছিল অত্যন্ত পরিণত। চরিত্রের আবেগ, অভিমান ও ভালোবাসার সূক্ষ্ম প্রকাশে তিনি দর্শকের মন জয় করেছেন। রিংকুসহ পার্শ্বচরিত্রের শিল্পীরাও নিজ নিজ জায়গায় যথেষ্ট সাবলীল ছিলেন। ফলে পুরো নাটকটি একটি ভারসাম্যপূর্ণ অভিনয়নির্ভর কাজ হয়ে উঠেছে।

নির্মাণশৈলীর দিক থেকেও নাটকটি প্রশংসার দাবিদার। সুন্দর লোকেশন, পরিচ্ছন্ন সিনেমাটোগ্রাফি, আলোর ব্যবহার এবং দৃশ্য বিন্যাস নাটকটিকে একটি চলচ্চিত্রসুলভ আবেদন দিয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক গল্পের আবেগকে আরো গভীর করেছে, তবে কোথাও তা সংলাপ বা অভিনয়কে ছাপিয়ে যায়নি। সম্পাদনার গতিও ছিল পরিমিত, যা দর্শকের মনোযোগ ধরে রাখতে সাহায্য করেছে।

নাটকের সংলাপগুলোও উল্লেখযোগ্য। সহজ-সরল অথচ অর্থবহ সংলাপ চরিত্রগুলোর আবেগকে বাস্তব করে তুলেছে। নাটকে প্রেমের প্রকাশ যেমন রয়েছে, তেমনি রয়েছে আত্মসম্মান, বিশ্বাস, ত্যাগ এবং সম্পর্ক টিকিয়ে রাখার সংগ্রামের কথাও। এই কারণেই নাটকটি শুধু তরুণদের নয়, বিভিন্ন বয়সের দর্শকের কাছেও গ্রহণযোগ্য হয়েছে।

তবে, কিছু জায়গায় গগল্প আরও সংক্ষিপ্ত হতে পারত। কয়েকটি দৃশ্য তুলনামূলক দীর্ঘ মনে হতে পারে। এছাড়া কিছু পার্শ্বচরিত্রকে আরো বিস্তৃতভাবে উপস্থাপন করা হলে গল্পটি আরো সমৃদ্ধ হতে পারত। তবে এসব ছোটোখাটো সীমাবদ্ধতা নাটকটির সামগ্রিক সৌন্দর্যকে খুব বেশি প্রভাবিত করেনি।

সবমিলিয়ে ‘ভালোবাসার গল্প’ এমন একটি নাটক, যা বিনোদনের পাশাপাশি সম্পর্কের মূল্য, ভালোবাসার গভীরতা এবং মানবিক অনুভূতির কথা স্মরণ করিয়ে দেয়। বর্তমান সময়ে যখন অনেক নাটক কেবল হাস্যরস বা চটকদার উপস্থাপনার ওপর নির্ভরশীল, সেখানে এই নাটকটি গল্প, অভিনয় ও নির্মাণের সমন্বয়ে নিজস্ব একটি অবস্থান তৈরি করেছে।

যদি দশের মধ্যে মূল্যায়ন করতে হয়, তবে ‘ভালোবাসার গল্প’ সহজেই দশে নয় পাওয়ার যোগ্য।

নাটকটিতে ইয়াশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, রিংকু ছাড়াও আরো অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, দীপা খন্দকার, মিলি বাশার’সহ আরো অনেকে।

নাটকটির পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। চিত্রনাট্য লিখেছেন ইমরাউল রাফাত ও অভ্র মাহমুদ। এটি প্রযোজনা করেছে সিএমভি।

আবেগঘন কাহিনি, শক্তিশালী অভিনয় এবং মানসম্মত নির্মাণশৈলীর কারণে এটি ২০২৬ খ্রিষ্টাব্দের আলোচিত বাংলা ইউটিউব নাটকগুলোর একটি হিসেবে দীর্ঘদিন দর্শকের মনে আসিন গেড়ে থাকবে।