চলচ্চিত্র শিল্পীসমিতির নির্বাচনে সভাপতি শানু ও সম্পাদক জয়

30 Jul 2026, 02:22 PM মুভিমেলা শেয়ার:
চলচ্চিত্র শিল্পীসমিতির নির্বাচনে সভাপতি শানু ও সম্পাদক জয়


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরীর প্যানেলের জয় জয়কার। ৩ জুলাই, শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন [বিএফডিসি] প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ৪ জুলাই ভোরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই এক অফুরন্ত কৌতূহল, এফডিসির গেটজুড়ে উৎসবমুখর ভিড় আর পর্দার পেছনের নানামুখী সমীকরণ।

২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনটিও এর ব্যতিক্রম ছিল না। নানা জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে বিজয়ী হয়েছেন শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল। ৩ জুলাই বিএফডিসি প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই ভোটযুদ্ধ। পরদিন অর্থাৎ ৪ জুলাই ভোরে যখন ফলাফল ঘোষিত হলো, তখন দেখা গেল এক বিশাল পরিবর্তনের হাওয়া। তবে, এই ফলাফলের পেছনে লুকিয়ে রয়েছে এক দীর্ঘ পটভূমি, যা শুরু হয় ভোটের অনেক আগে থেকেই। শুরুতেই নানা জল্পনা-কল্পনা, সমীকরণ ও ‘কানাকানি’ এবারের নির্বাচন নিয়ে আলোচনার হাওয়া বইতে শুরু করে কয়েক মাস আগে থেকেই। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল নানাজনের প্রার্থী হওয়ার খবর। এবারের আসরে ঢাকাই সিনেমার শীর্ষ অনেক চেনা মুখকে দেখা যাবে মূল প্রতিদ্বন্দ্বিতায়।

শুরুর দিকে সভাপতি পদে অভিনেতা বাপ্পারাজের প্রার্থী হওয়ার নাম শোনা যাচ্ছিল। সেই সঙ্গে আরো কয়েকজন হেভিওয়েট শিল্পীর নাম প্যানেল তৈরিতে আলোচনায় ছিল।

কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় সবকিছুতে। অনেকেই ব্যক্তিগত কারণ বা পেশাগত ব্যস্ততার অজুহাতে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এমনকি আগের মেয়াদের অত্যন্ত পরিচিত মুখ মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলকেও এবার কোনো পদে প্রার্থী হতে দেখা যায়নি। তারকাদের অনুপস্থিতি শুধু প্রার্থী হওয়াই নয়, ভোট দেওয়ার ক্ষেত্রেও এক বড়ো শূন্যতা লক্ষ্য করা গেছে। শাকিব খান, সিয়াম আহমেদ, আরিফিন শুভ, অপু বিশ্বাস, পরীমণি কিংবা বুবলীর মতো বর্তমান সময়ের প্রথম সারির শিল্পীদের এফডিসির ভোটের মাঠে সশরীরে অনুপস্থিতি নতুন আলোচনার জন্ম দেয়। অনেকেই মনে করছেন, শিল্পীসমিতির ভেতরের নানামুখী কোন্দল ও কাদা-ছোঁড়াছুঁড়ির সংস্কৃতি এড়াতেই হয়তো হেভিওয়েট তারকাদের একটি বড়ো অংশ এবার নিজেদের সরিয়ে রেখেছিলেন। তবে জ্যেষ্ঠ শিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরমান-মুক্তি বনাম শিবা-জয় অনেক ভাঙা-গড়ার পর মাঠের চূড়ান্ত লড়াই জমে ওঠে দু’টি ভিন্ন প্যানেলের মধ্যে। পোস্টার, লিফলেট আর ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে শেষ মুহূর্তের প্রচারণায় এফডিসি ফিরে পায় তার চিরচেনা প্রাণচাঞ্চল্য। চূড়ান্ত রায় ও নতুন নেতৃত্ব সব জল্পনা আর সমীকরণের অবসান ঘটে ৪ জুলাই ভোরে, যখন প্রধান নির্বাচন কমিশনার চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

ভোটারদের ৮৪ শতাংশের রেকর্ড উপস্থিতিতে হওয়া এই নির্বাচনে শিবা শানু ও জয় চৌধুরী প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় ছিনিয়ে নেয়। এক নতুন আশার আলো অনেকেই এই নির্বাচনকে দেখছেন ঢাকাই চলচ্চিত্রের এক নতুন বাঁক হিসেবে। পুরনো ও নতুন প্রজন্মের মেলবন্ধনে গঠিত এই নতুন কমিটি চলচ্চিত্রের সামগ্রিক উন্নয়নে এবং শিল্পীদের মর্যাদা রক্ষায় কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেটিই এখন দেখার বিষয়। নির্বাচনের চিরচেনা কাদা-ছোঁড়াছুঁড়ি ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে রুপালি পর্দার সোনালি দিন ফিরিয়ে আনবেন, সাধারণ দর্শক ও শিল্পীদের প্রত্যাশা ঠিক এমনই।

নির্বাচনে ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানায় নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পান ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পান ১৭৯ ভোট।

এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। হেরেছেন দুই বর্ষীয়ান অভিনেত্রী নূতন ও রোজিনা। সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুব্রত, হেরে গেছেন রিনা খান।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সনি রহমান। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির। দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মারুফ আকিব। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন আলী রাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।