সিনেপ্লেক্সে আসছে ‘দ্য ওডিসি’

16 Jul 2026, 04:13 PM হলিউড শেয়ার:
সিনেপ্লেক্সে আসছে ‘দ্য ওডিসি’


হলিউডের সিনেমা নির্মাতাদের মধ্যে অনবদ্য এক নাম ক্রিস্টোফার নোলান। তাঁর সিনেমা মানেই অন্যরকম কিছু। এরই ধারাবাহিকতায় ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত এই বিশাল বাজেটের সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশ্বজুড়ে।গ্রিক বীর ওডিসিয়াসের দীর্ঘ, বিপদসংকুল ঘরে ফেরার যাত্রাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রোজান যুদ্ধে অংশ নিতে গিয়ে এক দশক রণাঙ্গনে কাটানোর পর দেশে ফেরার পথে ভাগ্যের নির্মম খেলায় সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন ওডিসিয়াস। ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, অদ্ভুত প্রাণী, দেব-দেবীর রোষসহ সব বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই এই মহাকাব্যের মূল সুর।

 ওডিসিয়াস চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তার ছেলে টেলিমাকাসের ভূমিকায় টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপের চরিত্রে দেখা যাবে অ্যান হ্যাথাওয়েকে। ছবিতে আরও অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথালসহ একঝাঁক তারকা।

ছবির নির্মাাতা নোলান ছবিটি প্রসঙ্গে বলেন, ‘দ্য ওডিসি’-ই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড়, সবচেয়ে কঠিন এবং সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট। তাঁর মতে, গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’- কে সিনেমায় রূপ দেওয়া সহজ ছিল না। বরং তাঁর দীর্ঘ চলচ্চিত্রজীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এই ছবি নির্মাণ করতে গিয়ে। মরক্কো, গ্রিস, ইতালি, আইসল্যান্ড-সহ একাধিক দেশে হয়েছে ছবিটির শুটিং। প্রতিটি যুদ্ধের দৃশ্য, বিশাল সেট এবং অ্যাকশন দৃশ্য তৈরি করতে মাসের পর মাস ধরে চলেছে পরিকল্পনা।