স্বপ্নবিকাশ কলাকেন্দ্র'র বিশ্ব মা দিবস উদযাপন ও জননী সম্পূর্ণা সম্মাননা ২০২৬ প্রদান

17 May 2026, 12:22 PM খবর শেয়ার:
স্বপ্নবিকাশ কলাকেন্দ্র'র বিশ্ব মা দিবস উদযাপন ও জননী সম্পূর্ণা সম্মাননা ২০২৬ প্রদান


গত ১০ই মে ২০২৬ রবিবার সন্ধে ৭টায় বেইলী রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতি'র ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল সাংস্কৃতিক সংগঠন 'স্বপ্নবিকাশ কলাকেন্দ্র' আয়োজিত  'বিশ্ব মা দিবস ২০২৬' উপলক্ষে বিশেষ অনুষ্ঠান --'মা-ই ছায়া , মা-ই মায়া, মা-ই বসুন্ধরা'।


শিরোনামই বলে দিচ্ছে গরবিনী মাকে নিয়েই আবর্তিত হয়েছে পুরো আয়োজনটি। বিকেলে 'এসো মায়ের ছবি আঁকি' শীর্ষক শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়েই অনুষ্ঠানের  শুভ সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সেলিমা রহমান এমপি এবং  বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন-- দেশবরণ্যে জনপ্রিয় অভিনয়শিল্পী দিলারা জামান, নৃত্যজন তামান্না রহমান ও আবৃত্তিজন রেজীনা ওয়ালী লীনা। সম্মানিত অতিথিরা তাঁদের মায়ের ভূমিকা নিয়ে বক্তব্য প্রদানের পাশাপাশি  চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন এবং প্রথমবারের মত স্বপ্নবিকাশ কলাকেন্দ্র প্রবর্তিত 'জননী সম্পূৰ্ণা' সম্মাননা  পদক ২০২৬ সাতজন শিল্পীত- মা (যাঁরা নিজেই শুধু শিল্পের সাধনা করেন না তাঁদের আত্মজ/আত্মজাকেও বাঙালি শিল্প-সংস্কৃতির যোগ্য উত্তরসূরী হিসেবে গড়ে তুলেছেন)'র  হাতে তুলে দেন। 

এ বছর শিল্পকলার ৫টি শাখার 'জননী সম্পূৰ্ণা' সম্মাননাপ্রাপ্তরা হলেন : অভিনয়ে --নাট্যজন 'লাকী ইনাম',

নৃত্যকলায় --নৃত্যগুরু 'রাহিজা খানম ঝুনু'(মরণোত্তর)' ও নৃত্যজন 'শর্মিলা বন্দ্যোপাধ্যায়'

কন্ঠসঙ্গীতে-- বিশিষ্ট সঙ্গীতশিল্পী 'মীনা বশির(মরণোত্তর)' ও গণসঙ্গীতশিল্পী 'শ্যামলী চৌধুরী', চারুকলায়--

শিক্ষাবিদ ও চিত্রশিল্পী আজাদী পারভীন টুয়েজলি এবং আবৃত্তিতে আবৃত্তিশিল্পী 'রুবিনা শাহনাজ'।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট নৃত্যশিল্পী মৈত্রী সরকার। সম্মানিত অতিথি ও সম্মাননা প্রাপ্ত আলোকিত-মাদের 'মা' নিয়ে স্মৃতিচারণ  মা-সন্তানের যুগল পরিবেশনা

ও স্বপ্ন বিকাশ কলাকেন্দ্র'র শিশু-কিশোরদের অংশগ্রহণে 'মা' নিয়ে দলীয় ও একক নৃত্য-গান-আবৃত্তি পরিবেশিত হয়। পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর মা কে নিয়ে স্বপ্নবিকাশ কলাকেন্দ্র'র এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।