বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকশিল্প, হেরিটেজ এবং তাঁত শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয় নিয়ে আগামী ১২ই মার্চ, ২০২৬, দুপুর ১২টায় "সময়ের ফোঁড়ে বাংলার গল্প" প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ধানমন্ডির সফিউদ্দিন শিল্পালয়ে আয়োজিত এই প্রদর্শনীটি চলবে ১৪ই মার্চ পর্যন্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন মডেল, ডিজাইনার এবং গবেষক বিবি রাসেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগের [CPD] পরিচালক ও বিশিষ্ট মানবাধিকার নেত্রী খুশি কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেসিয়্যান্ট ইনস্টিটিউট অব ডিজাইনের চেয়ারপার্সন গুলশান নাসরিন চৌধুরী।
প্রদর্শনীর আয়োজক আমিনা রহমান এবং মিরন হোসেন জানান, এই প্রদর্শনীর মূল লক্ষ্য হলো বাংলার ঋতু বৈচিত্র্য, ভৌগোলিক শিল্প এবং পিছিয়ে পড়া কারুশিল্পীদের পেশাগত দক্ষতাকে বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। বাংলার ইতিহাস ও ঐতিহ্যের ছন্দময় এক শোভাযাত্রা হিসেবে এই আয়োজনটি সাজানো হয়েছে। সফিউদ্দিন শিল্পালয়, ২১/এ [২য় তলা], রোড-০৪, ধানমন্ডিতে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রদর্শনী চলবে।