সুরের মায়াজালে ইয়াসমিন লাবণ্য এক বহুমাত্রিক প্রতিভার গল্প

22 Feb 2026, 03:22 PM সারেগারে শেয়ার:
সুরের মায়াজালে ইয়াসমিন লাবণ্য এক বহুমাত্রিক প্রতিভার গল্প

বাংলাদেশের সংগীতাঙ্গনের এই সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী, দর্শকপ্রিয় নৃত্যশিল্পী ও নন্দিত উপস্থাপিকা ইয়াসমিন লাবণ্য। তিনি ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে প্লেব্যাকে ফিমেল সিঙ্গার হিসেবে ভারত-বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ডে মনোনয়ন পান। কণ্ঠ দিয়েছেন বেশকিছু নাটক ও সিনেমার গানে। তার অসাধারণ গায়কি আর কণ্ঠশৈলীর জাদুতে অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছেন শ্রোতাদের হৃদয়ে। ইয়াসমিন লাবণ্যের সংগীতজীবনের কাহিনি নিয়ে বিস্তারিত থাকছে এবারের আনন্দভুবনের সারেগারে আয়োজনে। লিখেছেন শহিদুল ইসলাম এমেল...


বছরের শুরুতেই আলোচনায় ‘খোয়াব’

ইয়াসমিন লাবণ্য বছরের শুরুটা করেছেন বেশ রাজকীয়ভাবে। মারুফ হোসেন সজীব পরিচালিত ‘খোয়াব’ নাটকের ‘এই হৃদয় ছুঁয়ে যাও’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে তিনি এখন শ্রোতামহলে বেশ আলোচনায়। জয়ন্ত কর্মকারের কথায় এবং আপেল মাহমুদ এমিলের সুরে এই গানে লাবণ্যের সহশিল্পী ছিলেন প্রান্ত। গানের অসাধারণ গায়কি আর শৈল্পিক ছোঁয়া লাবণ্যকে আবারও মনে করিয়ে দিয়েছে তার অনন্য কণ্ঠশৈলীর কথা।


নোয়াখালীর আঞ্চলিক গানে প্রথমবার

ব্যস্ততা নিয়ে জানতে চাইলে লাবণ্য শোনালেন শেকড়ের গল্প। তিনি বলেন, “আমি যেহেতু নোয়াখালীর মেয়ে, তাই অনেকদিন ধরেই ভাবছিলাম নিজের অঞ্চলের ভাষায় একটি গান করার কথা। ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনের জন্য প্রথমবারের মতো একটি মৌলিক গান করলাম- গানটির শিরোনাম ‘এক ফোলার মাও কান্দে, দুই ফোলার মাও কান্দে’।”

গানটি লিখেছেন ও সুর করেছেন এম. শোভা খান, যিনি নিজেও নোয়াখালীর হাতিয়ার সন্তান। বাবা-মায়ের সন্তান লালন-পালনের দায়িত্ব ও আবেগের এই গানটি লাবণ্যের ক্যারিয়ারে এক নতুন মাত্রা যোগ করবে।

এছাড়া বাংলাদেশ টেলিভিশনে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে লাবণ্য আর তানভীর আলম সজীবের একটি গান যাবে। বাংলাদেশ বেতারের জন্য বেশকিছু মৌলিক গানের কাজ করেছেন। এছাড়া বিভিন্ন চ্যানেলে নিয়মিত গানের লাইভ শো করছেন।

মাছরাঙ্গা টেলিভিশনে ‘রাঙ্গা সকাল’, বাংলাদেশ বেতারের সাপ্তাহিক সরাসরি গানের অনুষ্ঠান ‘ইউফোনি’সহ বেশকিছু অনুষ্ঠান নিয়ে ব্যস্ত আছেন নন্দিত এই কণ্ঠশিল্পী।


ভ্যালেন্টাইন ডে ও প্রথম বিবাহবার্ষিক

এবারের ভালোবাসাদিবস লাবণ্যের জন্য একটু বেশিই বিশেষ। কারণ, এটি তার বিয়ের প্রথম বছর। লাবণ্য জানান, “এবার ভ্যালেন্টাইন ডে’র চেয়েও আমার কাছে বড়ো বিষয় হলো আমাদের প্রথম বিবাহবার্ষিক। দেশের পরিস্থিতি অনুকূলে থাকলে হাজবেন্ডের সঙ্গে একান্তে ঢাকার বাইরে সময় কাটানোর পরিকল্পনা আছে।”

উপহার প্রসঙ্গে হাসিমুখে জানালেন, ‘আমি তাকে কী দেব তা এখনো চূড়ান্ত না-করলেও, হাজবেন্ডের কাছ থেকে ইতোমধ্যেই জামদানি শাড়িসহ বেশকিছু সুন্দর উপহার পেয়েছি। এখন ভাবছি তাকে সারপ্রাইজ হিসেবে কী দেওয়া যায় !’


সাড়ে তিন বছর বয়স থেকে সুরের সাধনা

লাবণ্যের সংগীতের হাতেখড়ি বড়ো ভাইয়ের হাত ধরে। মাত্র সাড়ে তিন বছর বয়সে ভাইয়ের কাছে ‘সা রে গা মা পা’ শেখার মাধ্যমে শুরু হয় তার সুরের সফর। এরপর সংগীতশিক্ষক পান্না আহমেদ, সালাহউদ্দিন আহমেদ, রশিদ-উন-নবী এবং অসিত দে’র মতো গুণী শিক্ষকদের কাছে দীর্ঘ বছর তালিম নিয়েছেন। বুলবুল ললিতকলা একাডেমি [বাফা] থেকে পাঁচ বছরের কোর্স শেষ করে ইউডা থেকে সংগীতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

লাবণ্য মূলত নজরুলসংগীতের শিল্পী হলেও আধুনিক মেলোডিয়াস, শাস্ত্রীয় এবং লোকজ গানেও সমান পারদর্শী। তার মতে, ‘একজন শিল্পীকে সবধরনের গানই গাইতে হয়। ভালোবাসা থেকেই আমি স্টেজে ফোক গানও করি।’


গান, নৃত্য ও উপস্থাপনা

গান গাওয়ার পাশাপাশি লাবণ্য একজন দক্ষ নৃত্যশিল্পী। ২০১৫ খ্রিষ্টাব্দ থেকে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নৃত্যশিল্পী হিসেবে কর্মরত আছেন। এছাড়া উপস্থাপিকা হিসেবেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় অনুষ্ঠান ‘রাঙা সকাল’সহ বেশকিছু উপস্থাপনা নিয়মিত করেছেন তিনি।


ব্যক্তিগত পছন্দ ও ভবিষ্যৎ লক্ষ্য

লাবণ্যের প্রিয় শিল্পী সামিনা চৌধুরী। তবে, নিজের নামের সাথে দুই কিংবদন্তিÑ সাবিনা ইয়াসমিন ও রুনা লায়লার মিল থাকায় তিনি বেশ মজা পান। তার পূর্ণ নাম লায়লা ইয়াসমিন লাবণ্য। আন্তর্জাতিক অঙ্গনে তিনি শ্রেয়া ঘোষাল, শুভমিতা ও এডেলের গান শুনতে পছন্দ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে লাবণ্য বলেন, ‘আমি সংখ্যায় কম কিন্তু মানসম্মত কাজ করতে চাই। মৃত্যুর আগ পর্যন্ত যেন মানুষের মনে গেঁথে থাকার মতো কিছু গান উপহার দিয়ে যেতে পারি, এটাই আমার একমাত্র লক্ষ্য।’

অবসরে লাবণ্য পরিবারকে সময় দিতে ভালোবাসেন। সাইকেল চালানো, মুভি দেখা আর নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়াই তার বিনোদন। গান, নাচ আর উপস্থাপনার এই তিন স্পর্শে লাবণ্য হয়ে উঠুক বাংলা সংস্কৃতির এক অনন্য প্রতিনিধি- আনন্দভুবনের পক্ষ থেকে রইল সেই শুভকামনা।