মেহজাবীন-রাজীব : ১৩ বছর প্রেম অতঃপর বিয়ে

22 Feb 2026, 03:16 PM আকাশলীনা শেয়ার:
মেহজাবীন-রাজীব : ১৩ বছর প্রেম অতঃপর বিয়ে

আর দশজন মানুষের মতো শিল্পীরাও প্রেমে পড়েন। সেই প্রেম কখনো কখনো বিয়ে পর্যন্ত গড়ায় আবার কখনো বিচ্ছেদও ঘটে। রুপালি পর্দার সেই রোমান্টিক গল্পগুলো যখন বাস্তবে রূপ নেয়, তখন ভক্তদের আগ্রহের আর শেষ থাকে না। শিল্পীদের এই বাস্তব জীবনের প্রেম, প্রেম থেকে বিয়ে অনেকেই করেছেন। ১৪ই ফেব্রুয়ারি [১লা ফাল্গুন] ভালোবাসাদিবস উপলক্ষে আনন্দভুবন তুলে এনেছেন সফল এক যুগলকে। যারা দীর্ঘদিন প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত গড়িয়েছেন। এই জুটি হচ্ছেন দেশের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীব। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...


অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রণয়ের সম্পর্কটা দীর্ঘদিনের। প্রায় ১৩ বছর প্রেমের পরে জনপ্রিয় এই যুগল গত বছরের ১৪ই ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী তার ভেরিফাইড পেইজে বিয়ের ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘৯ এপ্রিল, ২০১২ খ্রিষ্টাব্দ একটি বাঁকা দাঁত এবং সুন্দর হাসিওয়ালা ছেলে আমার সঙ্গে দেখা করতে এলো। আমি যখন একটি শুটিং হাউজের বারান্দায় দাঁড়িয়ে ছিলাম, তখন সে রাস্তা থেকে আমার দিকে হাত নাড়াল। আমরা মাত্র ১৫ মিনিট কথা বলেছিলাম, করমর্দন করেছিলাম এবং সে চলে যাওয়ার সময় আমি অনুভব করলাম, আমার হৃদয়ের একটি অংশ তার সঙ্গে চলে গেছে। আমি মুহূর্তেই বুঝতে পেরেছিলাম, এটা ছিল অনিবার্য।’

মেহজাবীন আরও লিখেন, ‘১৩ বছর পর আমরা এখানে। একসঙ্গে বেড়ে উঠছি, জীবনের প্রতিটি উদ্যাপন একসঙ্গে করছি এবং প্রতিটি খারাপ সময় অতিক্রম করছি। কথিত আছে, সাত বছরের বন্ধুত্ব জীবনকাল স্থায়ী হয়। কিন্তু আমরা প্রায় দ্বিগুণ সময় অতিক্রম করেছি।’

তিনি এরপর লেখেন, ‘১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ আমরা আমাদের বন্ধন সারাজীবনের জন্য সিলমোহর দিয়েছিলাম। এই যাত্রায় হাতে হাত রেখে হাঁটার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আদনান আল রাজীব, তোমাকে আমার জীবনের জন্য সেরা বন্ধু হিসেবে বেছে নিলাম।’

শেষে মেহজাবীন লিখেছেন, ‘এই নতুন অধ্যায় শুরু করার সঙ্গে সঙ্গে আমরা আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি। যাতে সারাজীবন আমরা একসঙ্গে সুখে বাঁচতে পারি।’

একটি টিভি অনুষ্ঠানে এক উপস্থাপক যখন মেহজাবীনকে বিবাহিত জীবন পার করার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করেন, ঠোঁটের কোনে হাসি দিয়ে বলেন, বিবাহিত জীবন খুবই ভালো কাটছে।

মেহজাবীন মনে করেন, বিয়ের পর তার জীবনে তেমন বড়ো কোনো পরিবর্তন আসেনি, শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে। তিনি বলেন, ‘আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনও বন্ধু হিসেবেই আছে। তো ওই ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে এখনও আছে।’

বিয়ের পর তার জীবন আরো সহজ হয়ে গেছে। তিনি বলেন, ‘আগে কোনো কিছু আমার জন্য করতে হলে আমি শুধু আমার পরিবারকে বলতাম এখন আসলে আমাকে সাহায্য করার জন্য আরো অনেকজন চলে এসেছে, আমার ফ্যামিলির সংখ্যা বেড়ে গেছে এবং সবাই অনেক বেশি ভালোবাসে আমাকে। তারা আমার কাজকে অনেক সাপোর্ট করেন, আমার চাওয়া-পাওয়াগুলো ওনারা অনেক ভালোভাবে দেখে রাখেন। তো আমি খুবই ব্লেসড এবং খুবই হ্যাপি।’

মেহজাবীনকে এখন নাটকে দেখা না-গেলেও ওটিটি প্লাটফর্মে কাজ করছেন তিনি। সম্প্রতি তিনি চরকি অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’-এ অভিনয় করছেন। সিরিজটিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন প্রীতম হাসান। সিরিজটি পরিচালনা করছেন শিহাব শাহীন। মেহজাবীন চৌধুরী বর্তমানে বুঝেশুনেই কাজে যুক্ত হচ্ছেন। গল্পে পর্যাপ্ত চ্যালেঞ্জ বা চমক না-থাকলে নতুন কোনো প্রজেক্টে সম্মতি দিচ্ছেন না তিনি। সে জায়গা থেকেই ‘ক্যাকটাস’-এ যুক্ত হওয়া।

কাজ প্রসঙ্গে মেহজাবীন বলেন, ‘যেভাবে কাজ কমিয়ে দিয়েছি, নতুন কোনো কাজে ওই পরিমাণ চমক বা চ্যালেঞ্জ না থাকলে আমি যুক্ত হই না। আমার মনে হয়েছে, এই চরিত্রটা ছেড়ে দেওয়া উচিত হবে না। হতে পারে, এমন চরিত্র আমি আর কখনোই পাব না।’

নিজের আত্মবিশ্বাসের কথাও জানান মেহজাবীন। তার ভাষায়, ‘আমি শিহাব শাহীনের ফ্যান। তার ডিরেকশনে আগেও অনেক কাজ করেছি। তার কাজের ধরনটা আমি জানি। তাই মনে হচ্ছে, কাজটা আমি এনজয় করব।’

এছাড়াও মেহজাবীন কাজ করছেন একসময় ছোটোপর্দায় যার সঙ্গে চমৎকার রসায়ন ছিল সেই আফরান নিশোর সঙ্গে। এবার নতুন চমক নিয়ে আসছেন এই জুটি। দীর্ঘদিন পর নিশো-মেহজাবীনকে এক করছেন নির্মাতা ভিকি জাহেদ। এই জুটিকে নিয়ে একটি সিনেমা নির্মাণের প্রস্তুতি চলছে, যা ইতোমধ্যেই আলোচনায়। রোমান্টিক থ্রিলার ঘরানার সিনেমা “পুলসিরাত”-এ প্রথমবারের মতো বড়ো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন নিশো ও মেহজাবীন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ইতোমধ্যে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে, খুব শিগ্গিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। এর আগে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘রেডরাম’-সহ বেশ কয়েকটি নাটক ও ওয়েব সিনেমা নির্মাণ করেছেন ভিকি জাহেদ।

মেহজাবীন চৌধুরী ২০০৯ খ্রিষ্টাব্দে লাক্স চ্যানেল আই সুপারস্টার বিজয়ী হন। লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার দৌলতে মেহজাবীনের ক্যারিয়ারের দরজা খুলে যায়। মডেল হন মুঠোফোন অপারেটর বাংলালিংকের একটি টিভি বিজ্ঞাপনচিত্রে। এই বিজ্ঞাপচিত্রে মডেল হয়ে বেশ পরিচিতি পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কাজ করেছেন নাটক, টেলিফিল্ম, ওয়েবসিরিজ, ওয়েবফিল্ম ও বড়োপর্দায়।