নায়ক জাবেদের মহাপ্রস্থান

22 Jan 2026, 03:49 PM মুভিমেলা শেয়ার:
নায়ক জাবেদের মহাপ্রস্থান

বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের জনপ্রিয় নায়ক ও বিশিষ্ট নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসার ও বার্ধক্যজনিত নানা জটিলতার সঙ্গে লড়াই করে বুধবার ২১ জানুয়ারি, বেলা ১১টার দিকে উত্তরার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী।

নায়ক জাভেদ কেবল একজন অভিনেতাই ছিলেন না, বরং তিনি ছিলেন রূপালি পর্দার এক বহুমুখী প্রতিভা। 

জাভেদ ১৯৪৪ খ্রিষ্টাব্দে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি সপরিবারে পাঞ্জাবে চলে আসেন এবং সেখান থেকে বাংলাদেশে স্থায়ী হন।

তার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস।

১৯৬৪ খ্রিষ্টাব্দে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’-র মাধ্যমে নায়ক হিসেবে তার যাত্রা শুরু হয়। তবে তার ক্যারিয়ারের শুরু হয়েছিল নৃত্য পরিচালনার মাধ্যমে।

সত্তর ও আশির দশকে তিনি ছিলেন ঢাকাই সিনেমার অত্যন্ত জনপ্রিয় ও ব্যস্ত নায়ক। প্রায় ২০০-র বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন, যার মধ্যে শতাধিক ছবিতে তিনি ছিলেন প্রধান নায়ক।

অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ নৃত্য পরিচালক। পর্দায় তার নাচের ছন্দ দর্শকদের মুগ্ধ করে রাখত।

১৯৮৪ খ্রিষ্টাব্দে তিনি চিত্রনায়িকা ডলি চৌধুরীকে বিয়ে করেন।

জাভেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র পাড়ায়। শিল্পী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে সম্প্রতি হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছিল। বাসাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জাভেদ তার অনবদ্য অভিনয় এবং নাচের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।