'ফিকি'র নতুন সভাপতি নির্বাচিত হলেন রূপালী হক চৌধুরী

08 Dec 2025, 03:11 PM খবর শেয়ার:
'ফিকি'র নতুন সভাপতি নির্বাচিত হলেন রূপালী হক চৌধুরী

বিদেশি বিনিয়োগকারীদের শীর্ষস্থানীয় সংগঠন ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির [ফিকি] নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক [এমডি] রূপালী হক চৌধুরী। তিনি বিদায়ী সভাপতি জাভেদ আখতারের স্থলাভিষিক্ত হবেন।

উল্লেখ্য, রূপালী হক চৌধুরী এর আগেও তিনবার 'ফিকি'র সভাপতির দায়িত্ব পালন করেছেন, যা সংগঠনের প্রতি তাঁর দীর্ঘদিনের অঙ্গীকার ও অভিজ্ঞতার প্রমাণ দেয়।

'ফিকি'র পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ ডিসেম্বর,২০২৫ রবিবার, রাজধানীর হোটেল লা মেরিডিয়েনে সংগঠনটির ৬২তম বার্ষিক সাধারণ সভা [এজিএম] অনুষ্ঠিত হয়। এই সভায় আগামী ২ বছরের জন্য ১৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করা হয়। রূপালী হক চৌধুরীর নেতৃত্বাধীন এই নতুন কমিটি আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবে।

'ফিকি'র নতুন কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি নির্বাচিত হয়েছেন নেসলে বাংলাদেশ পিএলসি'র চেয়ারম্যান ও এমডি দীপাল আবেইউক্রেমা এবং 

সহসভাপতি নির্বাচিত হয়েছেন লাফার্জহোলসিম বাংলাদেশে পিএলসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা [সিইও] মোহাম্মদ ইকবাল চৌধুরী।

নবনির্বাচিত সভাপতি রূপালী হক চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,

"বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখার লক্ষ্যে 'ফিকি'কে আরও শক্তিশালী ভূমিকা পালনে আমি দৃঢ়প্রতিজ্ঞ। নতুন পরিচালনা পর্ষদ, সদস্য কোম্পানি এবং সকল অংশীজনকে সঙ্গে নিয়ে আমরা একটি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি, প্রয়োজনীয় নীতি সংস্কার এবং প্রতিযোগিতামূলক অর্থনীতির দিকে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে চাই।"

বিদায়ী সভাপতি জাভেদ আখতার বলেন, বিগত দুই বছর 'ফিকি'র সভাপতির দায়িত্ব পালন করা তাঁর জন্য অত্যন্ত সম্মানের ছিল। এই সময়ে অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তনের মধ্যে বহু গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া সম্ভব হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সহায়ক হয়েছে।