কিংবদন্তি রক সম্রাট আজম খনের গড়া ব্যান্ড উচ্চারণ, আজম খানের পরিবার ও কুল এক্সপোজার-এর মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়।৮ নভেম্বর ২০২৫, রাজধানীর ধানমণ্ডিতে স্বল্প পরিসরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উচ্চারণ ব্যান্ডের সকল সদস্য, ব্যান্ডের সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন এবং ম্যানেজার এজাজ রহমান। উচ্চারণ ব্যান্ডের পক্ষে ব্যান্ড লিডার দুলাল জোহা, আজম খানের পরিবারের পক্ষে কন্যা অরনি খান এবং কুল এক্সপোজার-এর পক্ষে সিইও এরশাদুল হক টিংকু চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী, আজম খানের পরিবার তাঁর নাম, ছবি ও সৃষ্টির সকল কপিরাইট এবং মালিকানা বজায় রাখবে ; উচ্চারণ ব্যান্ড তাঁর গান পরিবেশন ও প্রচারে সক্রিয় থাকবে ; এবং কুল এক্সপোজার গণমাধ্যমে প্রচারণা, রয়্যালটি ব্যবস্থাপনা, কনসার্টসহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে।

ব্যান্ডলিডার দুলাল জোহা বলেন, “এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুনভাবে বিশ্বে তুলে ধরার এক ঐতিহাসিক পদক্ষেপ। আমরা তাঁর গানগুলোকে শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মঞ্চেও পৌঁছে দিতে চাই।”
বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপ : দুলাল জোহা [ভোকাল ও রিদম গিটার], পেয়ারু খান [ভোকাল ও পারকেশান], সেকান্দার আহমেদ খোকা [বেজ গিটার], পার্থ মজুমদার [লিড গিটার], প্রেম [কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস]।
আগামী বছর উচ্চারণ ব্যান্ড দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি, তাদের বেশ কিছু টেলিভিশন লাইভ পারফর্মেন্স চলতি মাস থেকেই প্রচারিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্ম-এর সহযোগিতায় ‘উচ্চারণ’ ব্যান্ড আজম খানের সংগীত ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।