ঈদ এলেই সিনেমা মুক্তির হিড়িক পড়ে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদুল ফিতরে মুক্তি পায় ছয়টি সিনেমা। যার মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত দু’টি সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। সিয়াম-বুবলী অভিনীত জংলি, নিশো-তমা মির্জা অভিনীত ‘দাগি’, মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’ ও নুসরাত ফারিয়া অভিনীত ‘জ্বীন-৩’। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...
বিগ বাজেটের সিনেমা ঈদ ছাড়া তেমন সুবিধা করতে পারে না, তাই প্রযোজকদের দৃষ্টি থাকে ঈদের দিকে। ঈদ ছাড়া বিগ বাজেটের ছবি মুক্তি পেলে তেমন একটা দর্শক টানতে পারে না। হোক না সে সুপার স্টার। তার প্রমাণ গত বছরেই পাওয়া গেছে। ২০২৪ খ্রিষ্টাব্দের ১৫ নভেম্বর মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘দরদ’ সিনেমাটি। দর্শক-খরায় সিনেমাটি মুখ থুবড়ে পড়ে। অথচ একই বছর ঈদে তার অভিনীত দু’টি সিনেমা ব্যবসাসফল হয়। এবছর ঈদে আরও কঠিন পরীক্ষা দিতে হয়েছে শাকিব খানকে। ‘শাকিবের নামেই সিনেমা চলে’- প্রচলিত এ কথাটির যথার্থতা নেই, এটা আবারও প্রমাণ হলো এবারের ঈদে।
এ অভিনেতার দুই সিনেমার মধ্যে সুপার হিট হয় ‘বরবাদ’ ছবিটি। অন্যটির অর্থাৎ ‘অন্তরাত্মা’র বেহাল দশা। ‘অন্তরাত্মা’ মুক্তির দু’দিনের মাথায় প্রেক্ষাগৃহ থেকে নেমে যায়।
এর মধ্য দিয়েই প্রমাণিত হয় যে, শাকিব খানের সিনেমা হলেই চলে না। সিনেমা চলে উৎসবে, গল্পের জোরে, নির্মাণের মুনশিয়ানায়।
ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমার মধ্যে রয়েছে ‘দাগি’, ‘জংলি’, ‘চক্কর ৩০২’, ‘জ্বীন-৩’। সর্বোপরি ঈদের সিনেমাগুলো হলে কেমন দর্শক টানতে পারছে সেই বিষয় নিয়ে এই প্রতিবেদন।
শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’
এবারের সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স মিলিয়ে ১২০টি প্রেক্ষাগৃহে চলছে এটি। প্রতিশোধ ও প্রতারণার গল্প নিয়ে সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। এটি নির্মাণ করেন মেহেদি হাসান হৃদয়। মুক্তির পর থেকেই দর্শক-আগ্রহে রয়েছে ছবিটি। যেহেতু সর্বোচ্চ হল পেয়েছে, সেদিক বিবেচনায় সিনেমাটিকে এগিয়ে রাখা যায়।

আফরান নিশো ও তমা মির্জার ‘দাগি’
দর্শক চাহিদায় রয়েছে ‘দাগি’ সিনেমাটিও। মাল্টিপ্লেক্সের সবক’টি শাখা ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১৬টি হলে মুক্তি পায় এটি। মুক্তির পর থেকেই সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল যাচ্ছে। বাড়ছে শো-এর সংখ্যা। বলা যায়, ঈদে দ্বিতীয় অবস্থান দখল করে রেখেছে এটি। পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল।
সিয়াম আহমেদ ও শবনম বুবলীর ‘জংলি’
সবচেয়ে কমসংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জংলি’ সিনেমাটি। মাত্র ১১টি প্রেক্ষাগৃহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সংশ্লিষ্টদের। সারাদেশের মাল্টিপ্লেক্সে প্রতিদিন মাত্র ১৮টি শো চলছে। এর মধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে সিনেমাটি। ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত সিনেমার প্রতিটি শো হাউজফুল গেছে, এমনটাই জানা গেছে প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে কথা বলে। এটিকে তৃতীয় অবস্থানে রাখছেন নেটিজেনরা। এম রাহিম পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘিও।
মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’
সাইকোলজিক্যাল থ্রিলার ‘চক্কর ৩০২’। শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের এ সিনেমা শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পায়। এতে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেন রিকিতা নন্দিনী শিমু। অন্যান্য সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বেশ ভালো চলছে সিনেমাটি। গল্পের জোর থাকায় সিনেবোদ্ধারা মনে করছেন, এটি আরও সময় নিয়ে দৌড়াবে। অন্য তিনটি সিনেমার সঙ্গে ইঁদুর দৌড়ে চার নম্বর অবস্থানে রয়েছে এটি।
আব্দুন নূর সজল ও নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’
‘জ্বীন-৩’ সিনেমাটি বলতে গেলে ফ্লপই বলা যায়। কারণ, এটি শুধু দু’টি মাল্টিপ্লেক্সে মুক্তি পায়। তাই এর ফলাফল নিয়ে কথা বলার মতো কিছু নেই। মুক্তির আগে সিনেমার ‘কন্যা’ শিরোনামের গানটি বেশ ভাইরাল হয়। তা থেকে সিনেমাটি নিয়ে আশার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও শেষ রক্ষা আর হয়নি। এটি নির্মাণ করেন কামরুজ্জামান রুমান।

শাকিব খান ও দর্শনা বণিক অভিনীত ‘অন্তরাত্মা’
সিনেমাটি ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও আটটি মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির দু’দিনের মাথায় স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়। সিনেপ্লেক্সে বর্তমানে এর কোনো শো নেই। বলা যায়, ঈদের সিনেমার রেসে একেবারেই তলানিতে রয়েছে এটি। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।