দক্ষিণ ভারতের দর্শকপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আবারও আলোচনায় এসেছেন তাঁর নতুন প্রেম এবং সম্ভাব্য বিয়ের গুঞ্জন নিয়ে। সামান্থার প্রাক্তন স্বামী অভিনেতা নাগা চৈতন্য এখন অতীত। তাদের বিবাহ বিচ্ছেদের পর থেকেই গুঞ্জন ছিল, সামান্থা নতুন সম্পর্কে জড়িয়েছেন। এ প্রেমের মানুষটি নাকি রাজ নিদিমোরু।
গেল বছর নভেম্বরে মুক্তি পাওয়া ওটিটি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’-তে রাজ ও ডিকের পরিচালনায় অভিনয় করেছেন সামান্থা। এর আগেও ২০২১ খ্রিষ্টাব্দে তার নির্মিত ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে তাঁকে দেখা গিয়েছিল। দুই প্রজেক্টেই রাজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়।
এই মুহূর্তে সামান্থা ব্যস্ত সময় পার করছেন তাঁর প্রযোজিত প্রথম ছবি ‘শুভম’ নিয়ে, ছবিটি ৯ মে মুক্তি পাচ্ছে। তার আগে তেলেঙ্গানার তিরুপতি বালাজি মন্দিরে পূজা দিতে যান তিনি। এই পূজায় তাঁর সঙ্গে ছিলেন প্রেমিক রাজ নিদিমোরুও।

দু’জনকে একসঙ্গে মন্দিরে দেখে অনেকেই মনে করছেন, সামান্থা ও রাজ হয়তো খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। কেউ আবার বলছেন, বিয়ের আগেই আশীর্বাদ নিতে মন্দিরে গেছেন তারা। তবে এই বিষয়ে এখন পর্যন্ত সামান্থা বা রাজ কেউই মুখ খোলেন নি।
২০১৭ খ্রিস্টাব্দের ৬ অক্টোবর হিন্দু রীতি অনুসারে গয়ায় এবং ৭ অক্টোবর খ্রিষ্টান রীতিনীতি অনুসারে নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা রুথ প্রভু। চার বছর সংসার করার পর ২০২১ খ্রিষ্টাব্দের অক্টোবরে অফিসিয়ালি বিচ্ছেদ ঘোষণা করেন এ দম্পতি। পরের বছরই তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। এরমধ্যে অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাগা।
২০২৩ খ্রিষ্টাব্দে অভিনেত্রী সামান্থা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ত্রালালা মুভিং পিকচার্স চালু করেন এবং প্রত্যেকের জন্য পারিশ্রমিকে সমতা বজায় রাখার ঘোষণা দেন।