অভিনয়শিল্পী মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি একসঙ্গে অন্য কাজ করলেও কখনো জুটি বেঁধে অভিনয় করা হয়নি। এবার জুটি হয়ে তারা প্রথমবারের মতো বড়োপর্দায় আসতে যাচ্ছেন। সরকারি অনুদানে নির্মিত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে ছবিতে দেখা যাবে তাদের। ছবিটি পরিচালনা করবেন সাদেক সিদ্দিকী। ছবিতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি। ইমন অভিনয় করবেন ম্যাজিস্ট্রেটের চরিত্রে। যিনি জমিদার পরিবারের সন্তান। গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। তবে পণ দিতে না পারায় নিরুপমার পিতা আত্মহত্যা করলে গল্প মোড় নেয় করুণ পরিণতির দিকে।
নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, সবকিছু ঠিক থাকলে মে মাসে ছবিটির শুটিং শুরু করবেন । “দেনাপাওনা” অভিনয় প্রসঙ্গে মামুনুন ইমন বলেন রবীন্দ্রনাথের এই গল্পটি অনেক জনপ্রিয়, বহুল পঠিত। এজন্য চ্যালেঞ্জটা বেশি। মানুষ চরিত্রগুলোর খুঁটিনাটি জানেন। সেগুলো সিনেমার পর্দায় সঠিকভাবে তুল ধরতে হবে। পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব ভালো করার।
সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘির পাশাপাশি ছবিতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হীরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনাসোমা, রিপা প্রমুখ।