প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের এক মাইলফলক স্পর্শ করেছেন অল রাউন্ডার সাকিব আল হাসান।
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে প্রায় একযুগেরও বেশি সময় পর খেলতে নামেন তিনি। আর সেখানেই নতুন মাইলফলক স্পর্শ করছেন বাংলাদেশের বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার সারে কাউন্টির হয়ে এই আসরে অভিষেক হয়েছে তার।
১৪ বছর আগে প্রথমবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট চ্যাম্পিয়নশিপে খেলেন সাকিব আল হাসান। তখন উস্টারশায়ারের হয়ে খেলেছেন দু’টি মৌসুম। একযুগ আগে সর্বশেষ যখন দলটির হয়ে খেলেন তখন প্রথম শ্রেণির ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলক পার করেন সাকিব।
সমারসেটের বিপক্ষে ৪ দিনের ম্যাচে প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ উইকেট পান সাকিব। সমারসেট থেমে থাকেনি, প্রথম ইনিংসে ৩১৭ রান করেন। এরপর ৩২১ রান করে লিড নেন ৪ রানের। এরপর সমারসেট দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানের বাঁহাতি স্পিনে দিশেহারা হয়ে গুটিয়ে যান ২২৪ রানে। ম্যাচের তৃতীয় দিনই ৪ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব। ৯ উইকেটে ১৯৪ রানে দিন শেষ করেন সমারসেট।
ম্যাচের চতুর্থ দিন বাকি উইকেটটিও নিয়েছেন সাকিব আল হাসান। ক্যারিয়ারে এ নিয়ে ২৫তম বার ইনিংসে ৫ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন সাকিব।
সাকিব আল হাসান নামটি বিশ্ব ক্রিকেট ইতিহাসে সুপরিচিত একটি নাম। যে নামের জন্য বাংলাদেশ ক্রিকেট আজ গর্বিত। তিনি বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বাঁহাতি অর্থোডক্স স্পিনার। তিনি ২৮ অক্টোবর ২০১৯ পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে টেস্ট ও টি-২০ আন্তর্জাতিক সংস্করণে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের হয়ে খেলা সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে বিবেচিত সাকিবকে বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার বলে গণ্য করা হয়।
২০০৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে সাকিব আল হাসানের অভিষেক হয়। একই ম্যাচে ওয়ানডে অভিষেক হয় ফরহাদ রেজা ও মুশফিকুর রহিমের। সাকিব ও রেজাকে তখন দেশের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ প্রতিভা হিসেবে গণ্য করা হতো।
সাকিব বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র একজন প্রাক্তন শিক্ষার্থী। সাকিব ২০১৫ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র্যাংকিং অনুসারে টেস্ট, ওডিআই ও টি-২০ প্রত্যেক ক্রিকেট সংস্করণে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে এক নম্বর অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে চার হাজার রান করার কৃতিত্ব দেখিয়েছেন এবং ২০১৭ খ্রিষ্টাব্দের ১৩ জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত [২১৭] রান সংগ্রহ করেছেন। সাকিব টি-২০-তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একহাজার রান পূর্ণ করেছেন। এছাড়া দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে টি-২০-তে একহাজার রান ও ৫০টি উইকেট লাভ করেছেন। ২০১৯ খ্রিষ্টাব্দের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র ১৯৯ ম্যাচে পাঁচ হাজার রান ও ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন।
সাকিব আল হাসান বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারদের মধ্যে একজন, যিনি একইসঙ্গে দীর্ঘদিন তিন ফরমেটের [টেস্ট, ওয়ান-ডে ও টি-২০] ক্রিকেটের শ্রেষ্ঠ এবং নম্বর ওয়ান অলরাউন্ডার হিসেবে ছিলেন। ক্রিকেট ইতিহাসে এমন রেকর্ড শুধুমাত্র সাকিব আল হাসানের। এছাড়া বাংলাদেশের পক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেটও সাকিবের। ওয়ানডেতেও সবচেয়ে বেশি উইকেটের লড়াইটা করেছেন মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। ২০১৮ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ানডেতে সাকিব আল হাসানের উইকেট ২৩৫টি, মাশরাফি বিন মর্তুজার ২৩৭টি। টেস্টে সাকিবের উইকেট ১৮৮টি। টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটিও তার। টেস্টে নয় প্রতিপক্ষের সবার বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট নেওয়া ইতিহাসের চতুর্থ বোলার সাকিব আল হাসান। ক্রীড়া-পাগল এক পরিবার থেকে উঠে এলেও সাকিবের খেলোয়াড় হতে চাওয়া সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে একে একে সাফল্যের সিঁড়ি ভেঙে সাকিব বাংলাদেশের সবচেয়ে দামি তারকার একজন হয়ে উঠেছেন। আইপিএলের মতো টি-২০ লিগের সেরা তারকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। ২০১১ খ্রিষ্টাব্দে ৪ লাখ ২৫ হাজার ডলারে সাকিবকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।
২০১৮ খ্রিষ্টাব্দে আইপিএলের নিলামে সাকিবকে ২ কোটি রুপিতে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আইপিএল ছাড়াও সাকিব অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, পাকিস্তানের পিএসএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, শ্রীলঙ্কার এসএলপিএল লিগগুলোতে খেলেছেন। এর মধ্যে সিপিএলে তার ৬ রানে ৬ উইকেট টি-টোয়েন্টির সেরা বোলিংগুলোর একটি হয়ে আছে। এভাবেই বাংলাদেশের এ-সময়ের সেরা আইকনদের একজন সাকিব বিশ্ব ক্রিকেটেও বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওঠেন।
২০১২ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঢাকার হোটেল ‘রূপসী বাংলা’য় তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। যেখানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিভিন্ন খেলোয়াড় উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি দুই কন্যাসন্তান এবং এক পুত্রসন্তানের জনক।
আনন্দভুবন ডেস্ক