৫ অক্টোবর বিএফডিসির ৮ নং ফ্লোরে বাংলাদেশ চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির ২০২৬-২৮ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এদিন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নূতনকে আজীবন সম্মাননা ও উত্তরীয় দিয়ে বরণ করেন রূপবানকন্যা সুজাতা। এই মঞ্চে চতুর্থ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা নূতনকে নিয়ে স্টেজে ওঠেন।
শপথগ্রহণ অনুষ্ঠানে নূতনকে ট্রিবিউট করে বেশকিছু জনপ্রিয় গানের নৃত্যায়োজন করা হয়। এরমধ্যে ‘ওরা ১১জন’ সিনেমার ‘এক সাগরও রক্তের বিনিময়’ গানটিও ছিলো। নতুন কমিটির সকলের সম্মানে নূতন নিজে তিনটি গানের মুখরা অংশে নৃত্য পরিবেশন করেন।
নতুন কমিটির উপদেষ্টা হলেন যথাক্রমে- আজিজ রেজা, এস এম মাসুম ও ইমদাদুল হক খোকন। কমিটির নতুন সভাপতি হলেন, দুই বাংলার গুণী নৃত্যশিল্পী মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ খান (কালু), সহ-সভাপতি সালাম রিজভী, সহ-সভাপতি ইউসুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ আই আলম, সাংগঠনিক সম্পাদক এ কে আজাদ, কোষাধক্ষ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক হাবিবুর রহমান (হাবিব), প্রচার ও দফতর সম্পাদক সম্পাদক নুহু রাজ চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে যুগ্মভাবে ইভান শাহরিয়ার সোহাগ ও সজীব মাহমুদ মাইকেল, আর্ন্তজাতিক সম্পাদক যুগ্মভাবে রোহান-বিল্লাল। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নতুন কমিটিতে স্থান পেয়েছেন যথাক্রমে- রোজান ইসলাম দিলীপ, মহিউদ্দিন আহমেদ ইরান, জমিসউদ্দিন রহিম, রতন মিয়া, দেলোয়ার হোসেন টুকু, আব্রাহাম এক্স শাকিল, অপু-বিল্লাল।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বারিশা হক। শপথ গ্রহণ পর্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের উন্নয়ন, চলচ্চিত্রের নৃত্যশৈলীর মানোন্নয়ন এবং শিল্পীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এদিন উপস্থিত ছিলেন দেশের এক সময়ের প্রযোজক খোরশেদ আলম খসরু, অভিনয়শিল্পী পলি, জয় চৌধুরী, পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, ছটকু আহমেদ, জাকির হোসেন রাজু, সুব্রত, শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান, পরিচালক কবিরুল ইসলাম রানা, নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।