বর্ষার দিনে ঘরের যত্ন

25 Jun 2026, 02:09 PM অভোগ শেয়ার:
বর্ষার দিনে ঘরের যত্ন


বর্ষা নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে প্রাণবন্ত ঋতুগুলোর একটি। তবে এই সৌন্দর্যের পাশাপাশি বর্ষা নিয়ে আসে কিছু অনাকাক্সিক্ষত সমস্যাও। স্যাঁতসেঁতে পরিবেশ, ফাঙ্গাস, পোকামাকড়ের উপদ্রব, দেয়ালে ড্যাম্প, আসবাবপত্রের ক্ষতি এবং নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি এই সময়ের নিত্যসঙ্গী। তাই বর্ষাকে উপভোগ করতে চাইলে ঘরের প্রতিও দিতে হবে বাড়তি নজর। সামান্য কিছু সচেতনতা এবং নিয়মিত পরিচর্যা আপনার ঘর রাখতে পারে নিরাপদ, পরিচ্ছন্ন এবং আরামদায়ক। বর্ষার ভেজা আবহাওয়ায় কীভাবে ঘর সুরক্ষিত, পরিচ্ছন্ন ও আরামদায়ক রাখা যায়, কোন বিষয়গুলোতে বিশেষ নজর দেওয়া প্রয়োজন এবং কীভাবে সহজ কিছু পরিচর্যায় এড়ানো যায় মৌসুমি নানা সমস্যা- এসব নিয়েই আমাদের এবারের অভোগ আয়োজন ‘বর্ষায় ঘরের যত্ন’। লিখেছেন ফাতেমা ইয়াসমিন...


স্যাঁতসেঁতেভাব দূর করা জরুরি

বর্ষাকালে সবচেয়ে বড়ো সমস্যা হলো ঘরের আর্দ্রতা বৃদ্ধি। টানা বৃষ্টির কারণে ঘরের ভেতরে বাতাস চলাচল কমে যায়। ফলে তৈরি হয় ভ্যাপসা পরিবেশ এবং একধরনের সোঁদা গন্ধ।

এই সমস্যা এড়াতে প্রতিদিন অন্তত কিছু সময়ের জন্য দরজা-জানালা খুলে রাখুন। বৃষ্টি থেমে গেলে ঘরে প্রাকৃতিক বাতাস প্রবেশ করতে দিন। এতে ঘরের আর্দ্রতা অনেকটাই কমে যায়। প্রয়োজন হলে এসেনশিয়াল অয়েল, এয়ার ফ্রেশনার বা হিউমিডিফায়ার ব্যবহার করতে পারেন। এগুলো শুধু দুর্গন্ধ দূরই করে না, ঘরের পরিবেশও সতেজ রাখে।


কাঠের আসবাবে বাড়তি সতর্কতা

বর্ষার আর্দ্রতা সবচেয়ে বেশি ক্ষতি করে কাঠের আসবাবের। অনেক সময় দেখা যায় আলমারির পেছনের অংশ ফুলে গেছে, ড্রয়ার আটকে যাচ্ছে কিংবা ফাঙ্গাসের দাগ পড়েছে।

কাঠের আসবাব কখনোই দেয়াল ঘেঁষে রাখবেন না। দেয়াল থেকে অন্তত ছয় ইঞ্চি দূরে রাখার চেষ্টা করুন। বৃষ্টির পানি লাগলে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। ফার্নিচারে নতুন বার্নিশ করালে সেগুলো দীর্ঘদিন ভালো থাকে।

যদি দেয়ালে আগে থেকেই স্যাঁতসেঁতেভাব থাকে, তাহলে আসবাবের পেছনে পলিথিন ব্যবহার করা যেতে পারে। এতে কাঠ সরাসরি আর্দ্রতার সংস্পর্শে আসবে না।


দেয়ালের ড্যাম্প ও ফাঙ্গাস প্রতিরোধ

বর্ষা এলেই অনেক বাসার দেয়ালে ড্যাম্প দেখা দেয়। কোথাও কোথাও রং উঠে যায়, আবার কোথাও কালো ফাঙ্গাস জমে দেয়ালের সৌন্দর্য নষ্ট করে। বর্ষার শুরুতেই ঘরের দেয়াল, ছাদ এবং সিলিং পরীক্ষা করে নিন। কোথাও ফাটল বা পানির লিকেজ থাকলে দ্রুত মেরামত করুন। বিশেষজ্ঞদের মতে, ওয়েদারপ্রুফ পেইন্ট ব্যবহার করলে দেয়াল দীর্ঘদিন সুরক্ষিত থাকে। যেসব ঘরে পর্যাপ্ত আলো-বাতাস ঢোকে না, সেসব জায়গায় ড্যাম্প হওয়ার ঝুঁকি বেশি। তাই ঘরে যতটা সম্ভব প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা রাখুন।


পরিষ্কার-পরিচ্ছন্নতাই সুরক্ষার প্রথম ধাপ

বর্ষার ভেজা আবহাওয়ায় জীবাণু দ্রুত বংশবিস্তার করে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রতিদিন জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে মেঝে পরিষ্কার করুন। বিশেষ করে রান্নাঘর, বাথরুম ও বারান্দা পরিষ্কার রাখার দিকে বেশি নজর দিন। ভেজা মেঝে দীর্ঘ সময় ফেলে রাখবেন না। এতে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে।

বাথরুমে একধরনের স্যাঁতসেঁতে দুর্গন্ধ তৈরি হওয়া স্বাভাবিক। এ সমস্যা দূর করতে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করুন। সম্ভব হলে এক্সহস্ট ফ্যান ব্যবহার করুন এবং ট্যাপ ও ঝরনা ব্যবহারের পর শুকনো কাপড় দিয়ে মুছে রাখুন।


পোকামাকড়ের উপদ্রব নিয়ন্ত্রণ

বর্ষা মানেই মশা, মাছি, তেলাপোকা ও অন্যান্য পোকামাকড়ের উপদ্রব বৃদ্ধি। বৃষ্টির পানি জমে থাকা জায়গাগুলো এদের প্রজননের আদর্শ ক্ষেত্র। বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন এবং কোথাও পানি জমতে দেবেন না। টব, পুরনো পাত্র কিংবা অব্যবহৃত জিনিসপত্র নিয়মিত পরীক্ষা করুন। চাল, ডাল, আটা বা শুকনো খাদ্যদ্রব্যে কয়েকটি নিমপাতা রেখে দিলে পোকার আক্রমণ অনেকটাই কমে। এছাড়া প্রয়োজন অনুযায়ী নিরাপদ কীটনাশক ব্যবহার করা যেতে পারে।


পোশাক ও আলমারির যত্ন

বর্ষাকালে কাপড়ে ফাঙ্গাস এবং ভ্যাপসা গন্ধ হওয়া খুবই সাধারণ সমস্যা। দীর্ঘদিন আলমারিতে রাখা কাপড় ব্যবহারের আগে কিছুক্ষণ বাতাসে বা রোদে রাখুন। আলমারির ভেতরে কর্পূর বা ন্যাপথলিন রাখতে পারেন। এতে আর্দ্রতা কমবে এবং কাপড়ে দুর্গন্ধ হবে না। মাঝেমধ্যে আলমারি খুলে কাপড় বাতাসে দিলে সেগুলো দীর্ঘদিন ভালো থাকে। বর্ষার সময় অপ্রয়োজনীয় কাপড় ধোয়া কমানো ভালো। কারণ, এই সময়ে কাপড় শুকাতে বেশি সময় লাগে এবং অনেক সময় সঠিকভাবে না-শুকালে কাপড়ে দুর্গন্ধ তৈরি হয়।


পর্দা, কার্পেট ও সোফার পরিচর্যা

ভারি পর্দা এবং মোটা কার্পেট বর্ষাকালে আর্দ্রতা ধরে রাখে। ফলে ঘর আরো গুমোট হয়ে যায়। এ সময় হালকা রঙের পাতলা পর্দা ব্যবহার করা ভালো। দামি কার্পেট সাময়িকভাবে গুছিয়ে রেখে পাটি, বাঁশের ম্যাট বা শতরঞ্জি ব্যবহার করতে পারেন। লেদারের সোফা বর্ষাকালে বিশেষ যত্ন দাবি করে। প্রতিদিন শুকনো কাপড় দিয়ে মুছে পরিষ্কার রাখুন এবং দেয়ালের সঙ্গে একেবারে লাগিয়ে রাখবেন না।


রান্নাঘরে বিশেষ নজর

ঘরের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর মধ্যে রান্নাঘর অন্যতম। আর্দ্র পরিবেশে এখানে দ্রুত জীবাণু জন্মাতে পারে। রান্নার আগে ও পরে রান্নাঘর পরিষ্কার করুন। খাবার তৈরি শেষে কাউন্টার, ডাইনিং টেবিল এবং রান্নাঘরের অন্যান্য অংশ ভিনেগার ও লবণ দিয়ে মুছে নিলে পোকামাকড়ের উপদ্রব কমে। খাবার সবসময় ঢেকে রাখুন এবং বাসনপত্র শুকনো স্থানে সংরক্ষণ করুন।


বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করুন

বর্ষাকালে বজ্রপাত, শর্ট সার্কিট এবং বৈদ্যুতিক দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই পুরনো বা ক্ষতিগ্রস্ত তার দ্রুত পরিবর্তন করা উচিত।

বজ্রপাতের সময় টেলিভিশন, কম্পিউটার কিংবা অন্যান্য সংবেদনশীল বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখা নিরাপদ। এছাড়া নিয়মিত বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করাও জরুরি।


ঘরের গাছপালা ও বাতাস চলাচল

অনেকেই অন্দরসজ্জার জন্য ঘরের ভেতরে গাছ রাখেন। তবে, বর্ষাকালে অতিরিক্ত গাছপালা ঘরের আর্দ্রতা আরো বাড়িয়ে দিতে পারে। সম্ভব হলে গাছগুলো বারান্দা বা ছাদে সরিয়ে রাখুন। একইসঙ্গে ঘরে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করুন। এতে স্যাঁতসেঁতেভাব কমবে এবং ঘর থাকবে সতেজ। বর্ষা আমাদের জীবনের এক অনন্য সৌন্দর্যের নাম। তবে, এই সৌন্দর্য উপভোগ করতে হলে প্রয়োজন কিছু বাড়তি সতর্কতা। মনে রাখতে হবে, পরিচ্ছন্ন ও সুরক্ষিত ঘরই একটি সুস্থ পরিবারের ভিত্তি। তাই বর্ষার প্রতিটি বৃষ্টিভেজা দিন উপভোগের পাশাপাশি নিজের প্রিয় ঘরটিরও যত্ন নিন। কারণ, দিনের শেষে এই ঘরই আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে আপন ঠিকানা।